টানা দুই বছর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ তালিকাভুক্ত ছয়টি কোম্পানিকে ‘জেড’ শ্রেণিতে স্থানান্তর করার ঘোষণা দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
নতুন করে যেসব কোম্পানি ‘জেড’ শ্রেণিভুক্ত হচ্ছে, সেগুলো হচ্ছে অ্যাকটিভ ফাইন, এএফসি অ্যাগ্রো, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, নিউলাইন ক্লথিংস, প্রাইম ফিন্যান্স ও প্রাইম টেক্সটাইল। ডিএসই বলছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) গত ১৫ ফেব্রুয়ারির নির্দেশনা অনুযায়ী, কোম্পানিগুলোকে জেড শ্রেণিতে স্থানান্তর করা হচ্ছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি এসইসির নির্দেশনায় ২২টি কোম্পানিকে জেড শ্রেণিভুক্ত করা হয়েছিল। এখন নতুন করে আরও ৬টি এ শ্রেণিভুক্ত হলে তাতে ডিএসইতে জেড শ্রেণির কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৫টিতে।
নতুন করে জেড শ্রেণিভুক্ত করা কোম্পানিগুলোর মধ্যে প্রাইম টেক্সটাইল, প্রাইম ফিন্যান্স, এএফসি অ্যাগ্রো ও অ্যাকটিভ ফাইন ‘বি’ শ্রেণি থেকে এবং নিউলাইন ক্লথিংস ও ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স ‘এ’ শ্রেণি থেকে জেড শ্রেণিতে স্থানান্তর হচ্ছে।
পুঁজিবাজারে সেই সব কোম্পানিকেই জেড শ্রেণিভুক্ত করা হয়, যেগুলো দুর্বল মানের বা জাঙ্ক শেয়ার হিসেবে পরিচিত। এ কারণে এই শ্রেণিভুক্ত কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে কোনো ধরনের ঋণসুবিধা পাওয়া যায় না। শ্রেণি পরিবর্তনের কারণে এসব কোম্পানির শেয়ারের বিপরীতে কোনো ধরনের ঋণসুবিধা না দেওয়ার জন্য ঋণদাতা ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের কোম্পানির শেয়ারের লেনদেন নিষ্পত্তিতেও বাড়তি সময় লাগে।
