দ্রুত বিচার আইন স্থায়ীকরণ বিল পাসের সুপারিশ

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৪:২১ এএম

দ্রুত বিচার আইন স্থায়ী করতে জাতীয় সংসদে উত্থাপিত ‘আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার-সংশোধন) বিল-২০২৪’ পাসের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সুপারিশ-সংক্রান্ত প্রতিবেদন জাতীয় সংসদে জমা দেওয়া হয়েছে।

গতকাল রবিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলের প্রতিবেদন জমা দেন সভাপতির অনুপস্থিতিতে সংসদীয় কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এর আগে গত ২৯ ফেব্রুয়ারি সংসদে বিলটি উত্থাপন করা হয়। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

২০০২ সালে প্রথম এ আইনটি করা হয়েছিল দুই বছরের জন্য। এরপর ৭ দফা এই আইনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০১৯ সালে আইনটি সংশোধন করে মেয়াদ বাড়ানো হয়। আগামী ৯ এপ্রিল এই আইনের মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে আইনটির মেয়াদ না বাড়িয়ে, তা স্থায়ী করার সিদ্ধান্ত নেয় সরকার। গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভায় অনুমোদিত বিলটি সংসদে তোলা হয়েছে। বিলে আইনটি স্থায়ী করা ছাড়া অন্য কোনো সংশোধনী প্রস্তাব আনা হয়নি। অর্থাৎ আইনটির বিদ্যমান ধারা এখনকার মতোই থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত