বিএনপির সমাবেশে পুলিশ হত্যা: মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৮:৪৩ পিএম

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলার আসামি মো. আলমগীর হোসেনকে (৩৫) নীলফামারী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে জেলার ডিমলা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলমগীর জেলার ডিমলা উপজেলা শহরের বাবুরহাট এলাকার আমিরুল ইসলামের ছেলে এবং ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

তাকে গ্রেপ্তারের পর বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. গোলাম সবুর।

গোলাম সবুর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে ডিবি ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ডিমলা থানা পুলিশ অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

পুলিশ সুপার জানান, গত ২৮ অক্টোবরের ঘটনার দিন পুলিশ সদস্য হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন আলমগীর হোসেন। পরবর্তীতে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ও সিসি ক্যামেরার ফুটেজে তার ছবি ধরা পড়ে। পল্টনে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত