সংসদে বিরোধীদলীয় উপনেতা

বাজার সিন্ডিকেট কি সরকারের চেয়ে শক্তিশালী

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০২:৫৪ এএম

বাজার সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী কি না, তা জাতীয় সংসদে জানতে চেয়েছেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেছেন, ‘শুল্ক কমানো হয়েছে যে জিনিসপত্রের দাম কমবে। জিনিসের দাম কমেনি। কেন দাম বাড়ছে? কেন আমরা সিন্ডিকেটকে কন্ট্রোল করতে পারছি না, সিন্ডিকেট কি সরকারের চেয়ে শক্তিশালী?’

গতকাল সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস মন্তব্য করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, মূল্যস্ফীতি ৯ দশমিক ৮ শতাংশ। দুর্বল ব্যাংক খাত, ডলারের অস্থিতিশীল বিনিময় হার, রিজার্ভ হ্রাস মিলে সার্বিক অর্থনীতি অস্থিতিশীল। এগুলো নিয়ে আলোচনা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘কোনো সমস্যা হলে বলা হয় কভিড, ইউক্রেন যুদ্ধ। এটা বলে লাভ নেই। নিজেদের কাঠামোগত সমস্যা বের করতে হবে। যুক্তরাষ্ট্রসহ প্রত্যেক দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে এসেছে। বাংলাদেশ কেন পারছে না। এগুলো নিয়ে সংসদে কথা বলতে হবে।’

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘এই সরকার শক্তিশালী। সংসদে ১৩ জন ছাড়া সবাই সরকারি দলের। কেন সরকার চাঁদাবাজি বন্ধ করতে পারবে না। আশা করা হয়েছিল, রমজানের আগে দ্রব্যমূল্য নিম্নমুখী হবে। কিন্তু তা হচ্ছে না। প্রতি বছর অর্থ পাচার হয়। কেন, কারা, কীভাবে পাচার করছে এগুলো নিয়ে চিন্তাভাবনা করতে হবে। বিষয় যতই খারাপ হোক না কেন সংসদেই আলোচনা ও সিদ্ধান্ত নিতে হবে।’

দেশে অর্ধেকের বেশি নারীর বাল্যবিয়ে হয় : বাংলাদেশে অর্ধেকের বেশি নারীর বাল্যবিয়ে হয় বলে জাতীয় সংসদে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। তিনি আরও জানান, বাল্যবিয়ে প্রতিরোধে ৬৪টি জেলায় মনিটরিং কার্যক্রম চলমান। ২০১৫ থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ১২ হাজার ১৫০ বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।

গতকাল সোমবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব তথ্য জানান। এর আগে সংসদে প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু তার প্রশ্নে করোনাকালীন সময়ের কথা উল্লেখ করে বলেন, অসচ্ছল পরিবারের অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে দেওয়ার হার আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। মেয়েশিশুদের জন্য সরকারের পরিকল্পনা জানতে চান তিনি।

জবাবে প্রতিমন্ত্রী ‘মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে ২০১৯’ তুলে ধরে বলেন, বাংলাদেশে বাল্যবিয়ের হার ১৫ বছরের নিচে ১৫ দশমিক ৫০ শতাংশ এবং ১৮ বছরের নিচে ৫১ দশমিক ৪০ শতাংশ। প্রতিমন্ত্রী বাল্যবিয়ে প্রতিরোধে ১৭টি পদক্ষেপের কথা তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত