শাহবাজ শরিফকে শপথ পাঠ করালেন সেই আলভি

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০২:৫৬ এএম

পাকিস্তানের আইনসভার নিম্নকক্ষ জাতীয় পরিষদের ভোটাভুটির মাধ্যমে দেশের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজ (পিএমএল-এন) দলের নেতা শাহবাজ শরিফ। গতকাল সোমবার দেশের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন। রাজধানী ইসলামাবাদে প্রেসিডেন্টের বাসভবনে এই শপথ অনুষ্ঠান হয়। গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনের পর গুঞ্জন ওঠে, প্রেসিডেন্ট ডা. আলভি নতুন প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাতে না-ও পারেন; কারণ তার জায়গায় নতুন প্রেসিডেন্ট দায়িত্বগ্রহণ করবেন।

২০২২ সালের এপ্রিলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব খোয়ালে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং অন্যান্য কয়েকটি দলের সমর্থনে প্রধানমন্ত্রী হন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। গতকাল শপথ নেওয়ার মাধ্যমে টানা দ্বিতীয়বার সেই পদে বসলেন তিনি। এর আগে কেউ টানা দুবার দেশটিতে প্রধানমন্ত্রী হতে পারেননি।

গতকাল শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির। এতে নওয়াজ শরিফ, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি এবং নতুন সরকারের সমর্থক অন্যান্য দলের নেতারা উপস্থিতি ছিলেন। এ ছাড়া নতুন জোট সরকার গঠনকারী দলগুলোর প্রেসিডেন্ট পদপ্রার্থী পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারিও এতে ছিলেন। পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তানের নতুন মুখ্যমন্ত্রী যথাক্রমে মরিয়ম নওয়াজ, মুরাদ আলি শাহ এবং সরফরাজ বুগতিকে অনুষ্ঠানে দেখা যায়। শাহবাজ শরিফ এখন আনোয়ারুল হক কাকারের স্থলাভিষিক্ত হবেন যিনি এতদিন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব সামলেছেন। গত বছর আগস্ট মাসে শাহবাজের কাছ থেকেই দায়িত্ব গ্রহণ করেছিলেন কাকার। 

৮ ফেব্রুয়ারি নির্বাচনের পর শোনা গিয়েছিল, নতুন প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করানোর আগেই বিদায় হতে পারেন ডা. আরিফ আলভি। এ নিয়ে দেশটির গণমাধ্যমগুলোতে বলা হয়েছিল, নতুন করে নির্বাচিত জাতীয় পরিষদের সদস্য ও প্রাদেশিক পরিষদের সদস্যদের সমর্থনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং এর পরই হয়তো নতুন প্রধানমন্ত্রীর শপথ হবে। তবে ওই জল্পনা উড়িয়ে আলভিই শপথ পড়ালেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ ব্যক্তি ডা. আলভির সঙ্গে পিএমএল-এন ও পিপিপি নেতৃত্বের কথার লড়াই এর আগে বেশ কয়েকবার দেখা গেছে। নতুন সরকার গঠনে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান নিয়েও বিরোধ তৈরি হয় তার সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত