গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আসফিয়া খাতুন নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে গাইবান্ধা গোবিন্দগঞ্জ নাকাইহাট ভাইয়া সড়কের পাকুরের ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়লগাছা গ্রামে। সে ওই গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।
স্বজনরা জানান, শিশু আসফিয়া তার মা আনিছার বেগমের সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। এ সময় মায়ের হাত থেকে সড়ক পার হতে দৌড় দেয়। তাৎক্ষনিক এক নাকাইহাটগামী ব্যাটারীচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শিশু আসফিয়াকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
