ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মেয়াদ আরও একদিন বেড়েছে। আসন্ন রমজানে সময়মতো যুদ্ধ বন্ধ করার জন্য দুই দিন ধরে কায়রোতে আলোচনা চলছিল। এর মধ্যেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজা উপত্যকায় দুর্ভিক্ষ রোধ করতে আলোচনার মেয়াদ বাড়ল।
মঙ্গলবার (০৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে হামাসের জ্যেষ্ঠ নেতা বাসিম নাসিম জানান, যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে গেছে। কারণ ইসরায়েল তাদের শর্ত মেনে নিচ্ছে না। তবে হামাসের এই নেতার এমন বক্তব্যের পর জানা যায় আলোচনার মেয়াদ বেড়েছে। আলোচনা চালিয়ে যেতে হামাসের প্রতিনিধিদল আরও একদিন কায়রোতে অবস্থান করবেন। তারা মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসরের কর্মকর্তাদের সঙ্গে আবারও বৈঠকে বসবেন। যদিও কায়রোতে দুই পক্ষের এই আলোচনা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন একটি সূত্রের বরাতে জানায়, যুদ্ধবিরতি আটকে আছে হামাসের দুটি শর্তে। হামাসের প্রথম শর্ত হলো ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হলে তাদের কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না। দ্বিতীয় শর্ত হলো, গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছানোর গ্যারান্টি দিতে হবে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাস। এরপর ওইদিনই গাজায় ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েল। তাদের এসব হামলায় গাজায় এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০ হাজার ফিলিস্তিনি।
হামাসের দুই শর্তে ঝুলছে যুদ্ধবিরতি প্রস্তাব, কী করবে ইসরায়েল?