অর্থ পাচার মামলায় ঢাকা টাইমসের সম্পাদক জেলে

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৪:০৮ এএম

দুই হাজার কোটি টাকা অর্থ পাচারের মামলায় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমসের সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান ওরফে দোলনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেন তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউর তাপস কুমার পাল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আরিফুর রহমান ওরফে দোলন এ মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। গতকাল ছিল জামিনের শেষ দিন। এ ছাড়া মামলাটিতে অভিযোগপত্র গ্রহণের শুনানির ওপর দিন ধার্য ছিল। এদিন তিনি তার আইনজীবী জাহিদুর রহমানের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত সেটি নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

একই সঙ্গে আগামী ২২ এপ্রিল অভিযোগপত্র গ্রহণের ওপর শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আরিফুর রহমান দোলন। তবে তিনি নৌকার প্রার্থীর কাছে পরাজিত হন।

২০২০ সালের ২৬ জুন দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে সিআইডি। এ মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকেও আসামি করা হয়। বরকত ও রুবেল এখন কারাগারে আছেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩ মার্চ ১০ আসামিকে অভিযুক্ত করে ঢাকার সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। তবে পরে মামলাটি পুনরায় তদন্তের আদেশ হলে আরও ৩৬ জনকে আসামি করে ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর এবং এপিএস সত্যজিৎ মুখার্জীকেও আসামি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত