পাকিস্তান ক্রিকেটে বিশ্রাম চাইলে জুটতে পারে ‘চিরতরে বিশ্রাম’: নাসিম

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৮:২৪ পিএম

পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ দেশটির ক্রিকেটে কীভাবে দল নির্বাচন করা হয় তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। নাসিম বলেছেন, পাকিস্তানের ক্রিকেটার বিশ্রামে যেতে ভয় পান, কেননা একবার বিশ্রামে গেলে এমনও হতে পারে চিরতরের জন্য জাতীয় দল থেকে বিশ্রামে যেতে হতে পারে সেই ক্রিকেটারকে।

চলতি পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছেন নাসিম শাহ। গত বছর এশিয়া কাপে খেলার সময় ইনজুরিতে পড়েন নাসিম। যেতে হয় অস্ত্রোপচারের টেবিলে। বিবেচনায় থাকলেও ওই কারণেই খেলতে পারেননি বিশ্বকাপ। মাঝের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের সময় সুস্থ হয়ে ওঠেননি। ৫ মাসের বিরতির পর পিএসএল দিয়ে আবার ক্রিকেটে ফেরেন নাসিম।

নাসিম বলেন, ‘দুঃখজনক হলেও পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতি ভিন্ন ধরনের। এখানে দরে নতুন আসা খেলোয়াড়রা এক-দুই ম্যাচে নৈপুণ্য দেখালেই নিয়মিত একাদশের খেলোয়াড়রা দলে তাদের জয়াগা নিয়ে সন্দিহান হয়ে পড়েন। এই শঙ্কার জন্যই তারা এক ম্যাচের জন্যও বিশ্রামে যেতে ভয় পান। কেননা আপনি যদি বিশ্রামে যান, হতে পারে চিরতরের জন্যই জায়গা হারিয়ে ফেললেন। তখন আজীবন বিশ্রামই করে যেতে হবে।’

২১ বছর বয়সী নাসিম যোগ করেন, ‘এছাড়াও খেলোয়াড়রা ভয়ের মধ্যে থাকেন। যদি কেউ বলেন তিনি শতভাগ ফিট নন বা ক্লান্ত তখন তার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠানো হয়, অন্যান্য খেলোয়াড়রাও পেছনে এ নিয়ে চর্চা করতে থাকে। তাই কেউ নিজের থেকে বিশ্রামের প্রসঙ্গ ভুলেও টেনে আনেন না।’

নাসিম মনে করেন ফিজিও ও বোলিং কোচ মিলে ঠিক করা উচিত কোন বোলার সিরিজে কতটি ম্যাচ খেলবেন। তাহলেই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা সম্ভব হবে এবং প্রত্যেক বোলারের কাছ থেকে সেরা নৈপুণ্যও পাওয়া যাবে। যদিও এমন সংস্কৃতি পাকিস্তানের ক্রিকেটে নেই বলে আফসোস করেছেন নাসিম।

কিছুদিন আগেই সিরিজ থেকে বিশ্রাম চাওয়ায় ব্যাপক সমালোচিত হন তারকা পেসার হারিস রউফ। এর পর কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে বাদ দেয় পিসিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত