ইসরায়েলের তাণ্ডবে এখন ধ্বংসস্তূপ ফিলিস্তিনের গাজা উপত্যকা। অক্টোবরের ৭ তারিখের পর থেকে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে প্রায় ৩১ হাজার ফিলিস্তিনি। উপরন্তু অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়ায় মানবিক বিপর্যয়ে পড়েছে লাখো ফিলিস্তিনি। খাদ্য সংকট ও পানিশূন্যতায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা।
এমন পরিস্থিতিতে আসন্ন রমজানকে সামনে রেখে তুরস্কের রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা নিয়ে মিশরের উদ্দেশে যাত্রা করেছে একটি জাহাজ। খাদ্য ও চিকিৎসা সরঞ্জামসহ ৩ হাজার টন সহায়তা নিয়ে গাজার উদ্দেশে যাত্রা করেছে জাহাজটি। সেখানে এই সহায়তা পৌঁছে দিয়ে পুনরায় ত্রাণ সহায়তা আনতে তুরস্কে ফেরত যাবে জাহাজটি। বিষয়টি নিশ্চিত করেছেন মিসরে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সালেহ মুতলু সেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, মিশরের রেড ক্রিসেন্টের সহায়তায় এই ত্রাণ বিতরণ করা হবে। রমজানকে সামনে রেখে এই ত্রাণ ফিলিস্তিনিদের আশা বাঁচিয়ে রাখবে। তিনি আরও বলেন, এই ত্রাণ পৌঁছে দিয়ে পুনরায় ত্রাণ আনতে তুরস্ক ফিরে যাবে জাহাজটি। পরবর্তী শিপমেন্ট মার্চের ২৬ তারিখে পৌঁছানোর কথা রয়েছে।
সূত্র: আল জাজিরা
দেখতে পুতুলের মতো ভারতের প্রথম এআই শিক্ষক আইরিশ