টেকনো ড্রাগসের আইপিও অনুমোদন

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০২:৩০ এএম

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমতি পেয়েছে ওষুধ উৎপাদনকারী কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। গতকাল বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তাদের নিয়মিত কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে।

সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসইসি জানিয়েছে, টেকনো ড্রাগস বুক বিল্ডিং পদ্ধতিতে অর্থ সংগ্রহ করে নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী ফ্যাক্টরি), ভবন নির্মাণ (গাজীপুর ফ্যাক্টরি), আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির প্রসপেক্টাসে দেওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০২২-২৩ হিসাব বছরে পণ্য বিক্রি থেকে টেকনো ড্রাগসের আয় ৪৫ শতাংশের বেশি কমে গেছে। এতে করে সর্বশেষ হিসাববছরে কোম্পানির নিট মুনাফাও উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২২-২৩ হিসাববছরে কোম্পানির আয় হয়েছে ২৭৩ কোটি ৩৪ লাখ টাকা, যা আগের বছরে ছিল ৫০২ কোটি টাকা। ২০২২-২৩ হিসাববছরে কোম্পানির নিট মুনাফা ছিল ১৯ কোটি ৫৫ লাখ টাকা, যা আগের হিসাববছরের চেয়ে ৫৯ শতাংশ কম।

সর্বশেষ হিসাববছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৮ পয়সা, যা আগের বছরে ছিল ৫ টাকা ১০ পয়সা। কোম্পানিটির ২০২৩ সালের ৩০ জুন হিসাববছরের আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হচ্ছে ২৭ টাকা ৭৪ পয়সা, পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ২২ টাকা ৫৭ পয়সা।

বর্তমানে টেকনো ড্রাগসের পরিশোধিত মূলধন হচ্ছে ৯৪ কোটি ১৫ লাখ টাকা। এসইসি জানিয়েছে, টেকনো ড্রাগস লিমিটেড কাট অব প্রাইসের ৩০ শতাংশ ডিসকাউন্টে সাধারণ বিনিয়োগকারীর কাছে শেয়ার ইস্যু করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত