বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির ঘোষণা বাতিলের দাবিতে আগামী সোমবার সমাবেশ ও জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বামজোটের বিবৃতিতে বলা হয়, সারা দেশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে আছে। এর মধ্যে জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। বিদ্যুতের দাম বাড়তে থাকলে মানুষের জীবন আরও সংকটাপন্ন হবে।
বিবৃতিতে বলা হয়, ক্ষুদ্রশিল্প সংকটে পড়েছে। ছোট ছোট দোকান ও বাড়ি ভাড়া বাড়ানো হয়েছে। বরেন্দ্র অঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে পানির সংকটে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। ঠিক এ সময় বরেন্দ্র অঞ্চলে প্রতি ঘণ্টায় পানির দাম ৩০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও বাড়ানো হবে। এ অবস্থা চলতে থাকলে কৃষি-শিল্প সর্বত্রই উৎপাদন খরচ বেড়ে যাবে; যা সাধারণ মানুষের পকেট থেকে নেওয়া হবে।
বিবৃতিদাতারা হলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।
