স্কুলের অনুষ্ঠানে আরাফাত

৭ মার্চের ভাষণের চেতনায় শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৩:৫৭ এএম

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে এই ঐতিহাসিক ভাষণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই। তবে আমার সবচেয়ে ভালো লাগে ‘সাত কোটি মানুষকে দাবিয়ে রাখতে পারব না’ কথাটি। এই শব্দগুলোতে অনুপ্রাণিত হয়ে, সামনের দিনগুলোতে আপনাদের এগিয়ে যাওয়া উচিত।’

গতকাল বৃহস্পতিবার সকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসস

আরাফাত আরও বলেন, স্বাধীনতার ঘোষণার প্রথম অংশটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের মাধ্যমে বাস্তবায়িত হয়েছিল যেখানে তিনি উচ্চারণ করেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। তিনি বলেন, অবশেষে ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালিদের ওপর সামরিক হামলার পর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগেই বঙ্গবন্ধুর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

আরাফাত আরও বলেন, স্বাধীনতার চেতনা শুধুমাত্র মৌলিক অধিকার-খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং স্বাধীনতার মূল প্রতিপাদ্য হচ্ছে মাথা উঁচু করে দাঁড়ানো এবং কারও কাছে মাথা নত না করা। 

প্রতিমন্ত্রী বলেন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু অর্থনৈতিক উন্নয়নই করেননি, অধিকন্তু তিনি দেশের অন্য সব খাতেও উন্নতি করেছেন।

তিনি শিক্ষার্থীদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ সেøাগান নিয়ে এবং বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের চেতনায় দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি মো. মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ওয়াকিল উদ্দিন ও শবনম জাহান শিলা, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম, বনানী মডেল স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কাউন্সিলের সভাপতি মীর মোশাররফ হোসেন এবং অধ্যক্ষ ড. মো. মসিউর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত