দেশের অর্থনীতি একদম ঠিক আছে : অর্থমন্ত্রী

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০২:০৯ এএম

দেশের অর্থনীতি ঠিক আছে দাবি করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, অর্থনীতি যেখানে থাকার দরকার সেখানে আছে। বর্তমান সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। ভারতের সঙ্গে লেনদেনে মাল্টিকারেন্সি চালু করেছি। ভারতের সঙ্গে রুপি, ডলার ও টাকার পাশাপাশি সব ধরনের লেনদেন করতে পারছি। আমরা অন্যান্য দেশের সঙ্গে মাল্টিকারেন্সি চালুর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি। কিন্তু আমাদের প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধীরা সব সময় দেশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। তারা তো কিছুই করতে পারে না।

তিনি গতকাল শুক্রবার বিকেলে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী নতুন মন্ত্রীসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় চিরিরবন্দর উপজেলা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আওয়ামী লীগ সরকার যখন পদ্মা সেতু বানাচ্ছিল তখন তিনি দেশের মানুষকে পদ্মা সেতুতে না ওঠার জন্য বলেছিলেন। পদ্মা সেতু নাকি ভেঙে পড়বে। তাদের কথায় কেউ বিশ্বাস করবেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দেশের উন্নয়ন চোখে দেখতে পান না। তাকে চোখের ডাক্তার দেখাতে হবে। দামি চশমা কিনে দিতে হবে। তাহলে সব কিছু দেখতে পারবেন।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম, খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোমিনুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত