শনিবার আর্সেনালের জয়ের পর রবিবার লিভারপুল-ম্যানসিটি ড্র (১-১), এরপর ইংলিশ প্রিমিয়ার লিগ ত্রিশঙ্কু অবস্থায় চলে গেছে। ২৮ ম্যাচ শেষে সমান পয়েন্ট আর্সেনাল আর লিভারপুলের। এদের ঠিক এক পয়েন্ট পেছনেই গতবার ট্রেবলজয়ী ম্যানসিটি। বড় কোনো অঘটন না ঘটলে এই তিন দলের যেকোনো একটি ক্লাবের হাতেই উঠবে এবারের লিগ শিরোপা।
টানা ৮ ম্যাচ জিতে শিরোপাদৌড়ে বেশ ভালোভাবেই উঠে এসেছে আর্সেনাল। এই আট ম্যাচের মধ্যে তারা হারিয়েছে লিভারপুলকেও। আট ম্যাচে দলটি গোল করেছে ৩৩টি। আর এই গোল ব্যবধানই এখন গানার্সদের শীর্ষে রেখেছে।
প্রিমিয়ার লিগে আর্সেনালের পরবর্তী ম্যাচ ৩১ মার্চ। মাঝে আন্তর্জাতিক ম্যাচের জন্য বিরতি থাকবে লিগ ফুটবলে। আর ৩১ মার্চ আর্সেনালের খেলা ইতিহাদে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ফলে ওই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলে বা যে দল হারবে তারা আরেকটু পিছিয়ে যাবে। গেল মৌসুমে ইতিহাদে আর্সেনাল হেরেছিল ৪-১ গোলে।
তবে আর্সেনালের সামনে পথ সহজ নয়। তাদের খেলা বাকি আছে ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যামের মতো দলের বিপক্ষে।
৬৪ পয়েন্টে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে ইয়ুর্গেন ক্লপের দল। লিভারপুলকে সামনের ম্যাচগুলো খেলতে হবে অ্যালিসন বেকার, আলেকজান্ডার আরনল্ড, দিয়েগো জোতাকে ছাড়াই। ইনজুরিতে মাঠের বাইরে আছেন তারা। তবে মোহামেদ সালাহ, ডমিনিক সাবোজলাই ও ডারউইন নুনেজ ইনজুরি থেকে ফিরেছেন মাঠে।
প্রিমিয়ার লিগ তো বটেই অন্য টুর্নামেন্টেও বড় ম্যাচ অপেক্ষা করছে অলরেডদের জন্য। আগামী সপ্তাহে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ইপিএলেও ম্যানইউর সঙ্গে খেলা বাকি আছে লিভারপুলের। দলটি প্রিমিয়ার লিগে শেষ তিন ম্যাচের দুটিতে খেলবে টটেনহ্যাম ও অ্যাস্টন ভিলার বিপক্ষে।
৬৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। প্রথম দল হিসেবে টানা চার মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। গেল মৌসুমে ট্রেবল জিতেছিল ম্যানসিটি। সিটির পরবর্তী দুটি ম্যাচই ইতিহাদে। একটি আর্সেনাল আরেকটি অ্যাস্টন ভিলার বিপক্ষে। তবে শেষ ছয় ম্যাচে সিটির বিপক্ষে শক্ত প্রতিপক্ষ হিসেবে আছে শুধু টটেনহ্যাম।
আর্সেনাল, লিভারপুল, সিটির জন্য বাকি থাকা ১০ ম্যাচে হোঁচট খাওয়া মানেই শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়া। তবে যদি এমন হয় আর্সেনাল ও লিভারপুল তাদের বাকি থাকা সব ম্যাচেই জয় পেল। তখন আর্সেনাল ও লিভারপুলের মধ্যে যে দল গোল ব্যবধানে এগিয়ে থাকবে, তারাই চ্যাম্পিয়ন হবে। তখন সিটির শিরোপা জয়ের সম্ভাবনা থাকবে না। কারণ, সিটি এমনিতেই এক পয়েন্টে পিছিয়ে আছে বাকি দুই দলের চেয়ে। আর সিটি-আর্সেনাল ম্যাচে আর্তেতার দল জিতলে আরও পিছিয়ে পড়বে গার্দিওলার দল।
এখনো বাকি ১০ রাউন্ড, ম্যাচের ফলাফলের ওপর পরিবর্তন হবে পয়েন্ট টেবিলও। শেষ পর্যন্ত কারা চ্যাম্পিয়ন হবে তা এখনই বলা যাচ্ছে না। এটুকু বলা যেতেই পারে আর্সেনাল, লিভারপুল ও ম্যানসিটিতে ঘুরপাক খাবে শিরোপা লড়াই।
