আয়নাবাজি দিয়েই তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মাসুমা রহমান নাবিলা। এরপর এদেশের দর্শক মনে করেছিল নাবিলাকে পর্দায় দেখা যাবে নিয়মিত। কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটান এই অভিনেত্রী। তাকে আর দেখা যায়নি। কেন যায়নি, সেটা রহস্য বটে। তবে সেই রহস্য এতদিনে ভেদ হলো। নাবিলা আবার পর্দায় আসছেন চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে। অর্থাৎ নাবিলার ফেরাটা সেভাবে হয়তো জোরালো হচ্ছিল না, তাই বড় পর্দায় ফেরাও হচ্ছিল না। আর শাকিব খানের সঙ্গে ফেরাটাও বেশ উত্তেজনাকর বলে মনে করছেন এই অভিনেত্রী।
কোরবানি ঈদের ‘তুফান’ সিনেমায় শাকিবের দুই নায়িকার মধ্যে ঢাকার নাবিলার সঙ্গে থাকছেন কলকাতার মিমি চক্রবর্তীও। রায়হান রাফীর পরিচালনায় প্রযোজনা করছে যৌথভাবে এসভিএফ, আলফা আই ও চরকি। গত বছর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সিনেমার ঘোষণা দেওয়া হয়। তবে তখন নায়কের নাম ঘোষণা হলেও জানানো হয়নি নায়িকার নাম।
তবে এরইমধ্যে মিমি চক্রবর্তীর নাম অনেকটাই অনুমান করা গিয়েছিল। মিমিকে নিয়ে অনেক সংবাদও প্রকাশ হয়েছিল। তবে নাবিলা শাকিব খানের নায়িকা হবেন এমনটা অনুমান করা সত্যিই কঠিন ছিল। সেই কঠিন কাজটাই সহজ করে দিলেন রায়হান রাফী।
নাবিলাও শাকিব খানের সঙ্গে অভিনয়ের জন্য প্রস্তুত আছেন। বললেন, ‘এক রকমের আনন্দ তো কাজ করছেই। সেই সঙ্গে এত দিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। এখন শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলে তবেই আমরা সার্থক।’
নাবিলা ২০০৬ সালে টিভি উপস্থাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। উপস্থাপনা, মডেলিং, টিভি নাটকের পাশাপাশি তিনি ২০১৬ সালে প্রথম চলচ্চিত্র আয়নাবাজিতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন। তবে এর প্রায় ৮ বছর পর আবার চলচ্চিত্রে অভিনয়ের কথা শোনা গেল।
