বরিশালে অ্যাসিড ছুড়ে ঘুমন্ত এক কিশোর ও দুই যুবকের মুখ ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ভোরে বাবুগঞ্জ উপজেলার রফিয়াদি গ্রামে এ ঘটনা ঘটে।
অ্যাসিডে মুখ ঝলসে যাওয়া তিনজন হলো নবম শ্রেণির শিক্ষার্থী উৎপল হালদার, বরিশাল কৃষি ইনস্টিটিউটের ৫ম ব্যাচের শিক্ষার্থী আশিষ মল্লিক ও স্বর্ণের দোকানি জয় বিশ্বাস।
স্বজনরা জানান, রফিয়াদি গ্রামের যতিন বাবুর বাড়িতে তিন দিনব্যাপী নামকীর্তনে গিয়েছিল অ্যাসিডে দগ্ধ ওই তিনজনসহ পাঁচজন। দ্বিতীয় দিনের কীর্তন শুনে তারা পাশের ব্যাপারী বাড়িতে ঘুমাতে যায়। পরে গতকাল ভোরে ঘুমন্ত ওই পাঁচজনকে লক্ষ্য করে জানালা দিয়ে দুর্বৃত্তরা অ্যাসিড ছোড়ে। এতে তিনজনের মুখ ঝলসে যায়।
পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা আহতদের। আহত উৎপল হালদার ও আশিষ মল্লিক বলেন, ঘুমের মধ্যে হঠাৎ করেই তাদের গায়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়। প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও পরে তারা বুঝতে পারেন অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে তাদের গায়ে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বরিশাল এশিয়ান আই কেয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. ভবেশ চন্দ্র রায় বলেন, আহতরা শঙ্কামুক্ত হলেও সারা জীবনের জন্য তাদের মুখমণ্ডলে ক্ষতের ছাপ থেকে যেতে পারে। এমন ঘটনায় উদ্বেগ জানিয়ে যত্রতত্র অ্যাসিড বিক্রি ঠেকাতে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন এই চিকিৎসক।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. মাসুদ চৌধুরী বলেন, ‘ঘটনাটি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পাশাপাশি আহতদেরও অভিযোগ শোনা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।’
