রোজায় স্কুল খোলা নিয়ে আপিল বিভাগে শুনানি আজ

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০২:৩৬ এএম

পবিত্র রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ গতকাল সোমবার চেম্বার আদালতে স্থগিত হয়নি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি আজ মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। এ আদেশের ফলে আজ স্কুল বন্ধ থাকবে বলে মনে করছেন রিট আবেদনকারীর আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এএম আমিন উদ্দিন বলেছেন, শুনানির পর এ বিষয়ে বলা যাবে।

গত ৮ ফেব্রুয়ারি এক আদেশে ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল শিক্ষা বিভাগ। আর রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রবিবার ওই সিদ্ধান্ত স্থগিত করে রুলসহ আদেশ দেয়। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা গতকাল চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আবেদনটি আজ মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম গতকাল এ আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত