পাকিস্তান

শেহবাজের মন্ত্রিসভায় একমাত্র নারী ফাতিমা, ১৯ সদস্যে আছেন যারা

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৪:৫০ পিএম

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ১৯ সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে গতকাল সোমবার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে শপথ নেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। তাদের মধ্যে ১৮ জন পূর্ণমন্ত্রী, এক জন প্রতিমন্ত্রী।

পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে ১২ জন জাতীয় পরিষদের সদস্য (এমএনএ), তিন জন সিনেটর। এ ছাড়া টেকনোকেট হিসেবে মুহাম্মদ আওরঙ্গজেব, মহসিন নাকভি ও আহাদ চিমা মন্ত্রিসভায় আছেন। প্রতিমন্ত্রী করা হয়েছে শাহজা ফাতিমা খাজাকে। নতুন মন্ত্রিসভায় তিনিই একমাত্র নারী।

এছাড়া নতুন মন্ত্রিসভায় খাজা মুহাম্মদ আসিফকে প্রতিরক্ষা, প্রতিরক্ষা উৎপাদন ও উড়োজাহাজ চলাচল, মোহাম্মদ ইসহাক দারকে পররাষ্ট্র, মুহাম্মদ আওরঙ্গজেবকে অর্থ ও রাজস্ব, মহসিন নাকভিকে স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে পাকিস্তানে এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। পরে পিএমএল-এন জোট সরকার গঠনের উদ্যোগ নেয়। পিপলস পার্টিসহ (পিপিপি) কয়েকটি দলের সঙ্গে জোট গড়ে শেহবাজ শরিফের সরকার গঠিত হয়। তবে জোট সরকারকে সমর্থন করলেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় অংশ নেবে না বলে আগেই জানিয়েছে পিপিপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত