৪০০ ত্রাণপ্রত্যাশীকে হত্যা ইসরায়েলের

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৮:১৭ এএম

সাইপ্রাস থেকে গাজা উপত্যকার দিকে আসছে ২০০ টন খাদ্যসামগ্রী-বোঝাই ত্রাণ নিয়ে প্রথমবারের মতো একটি জাহাজ। গতকাল মঙ্গলবার এই জাহাজ রওনা হয়। এদিন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকার স্বাস্থ্য কর্তৃপক্ষ গতকাল জানায়, গত ফেব্রুয়ারির শেষ থেকে এ পর্যন্ত ৪০০ ত্রাণপ্রত্যাশীকে হত্যা করেছে ইসরায়েল। সর্বশেষ ত্রাণের জন্য আসা ১১ জনকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি নেই। এর মধ্যে গত সোমবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলায় ইয়েমেনে ১১ জন নিহত হয়েছে।

গতকাল আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, গতকাল সকালের দিকে সাইপ্রাসের বন্দর ছেড়েছে ২০০ টন খাদ্যবোঝাই জাহাজ। এতে আটা, চাল এবং প্রোটিন রয়েছে। স্বাভাবিকভাবে জাহাজটি গাজায় পৌঁছতে ১৫ ঘণ্টা লাগার কথা। তবে জাহাজের মালামাল-সমৃদ্ধ দুটি বার্জ থাকায় গাজায় পৌঁছতে এর সময় লাগতে পারে দুদিন। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক দাতাসংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডাব্লিউসিকে) এই কার্যক্রমের নেপথ্যে রয়েছে। আর স্প্যানিশ দাতব্য সংস্থা জাহাজটি সরবরাহ করেছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ত্রাণ সংগ্রহ করতে আসা ১১ জনকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এর আগেও তারা কয়েকবার এই ধরনের কাজ করেছে। সব মিলিয়ে গত ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত ৪০০ জন ত্রাণপ্রত্যাশীকে হত্যা করেছে।

এদিকে রমজান মাস শুরুর আগে থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হচ্ছিল। কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা এই আলোচনায় কোনো তাৎপর্যপূর্ণ অগ্রগতি নেই। কাতার গতকাল এই কথা জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গাজার যুদ্ধ করা এবং হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির ব্যাপারে দুপক্ষ এখনো কোনো চুক্তির দ্বারপ্রান্তে নেই।

এদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বিমান হামলায় ইয়েমেনের পশ্চিমাঞ্চলে গত সোমবার ১১ জন নিহত হয় এবং আহত হয় ১৪ জন। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানায়, প্রায় ১৭টি জায়গায় বিমান হামলা চালানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত