বগুড়ার আদমদীঘির সান্তাহারে তারাবির নামাজের আগে যে কলার হালি ছিল ৩০ টাকা, নামাজের পর সেই কলার হালি ৫০ থেকে ৬০ টাকায় কিনতে হয়েছে ক্রেতাদের। মাত্র এক ঘণ্টার ব্যবধানে প্রতি হালি কলায় দাম বেড়ে যায় দ্বিগুণ।
গত সোমবার রোজার চাঁদরাতে শহরের রেলগেট এলাকায় ঘুরে দেখা গেছে এমন চিত্র। তবে, ক্রেতা ও কিছু ব্যবসায়ী বলছেন, ক্রেতাদের অতিরিক্ত চাহিদা থাকায় কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী এ সুযোগ নিচ্ছেন।
এ দিন তারাবির নামাজের আগে ও পরে শহরের কয়েকটি দোকান ঘুরে দেখা গেছে, প্রকারভেদে প্রতি হালি মানিক কলার দাম ২৫ থেকে ৫০ টাকা এবং সাগর কলার দাম ৩০ থেকে বেড়েছে ৬০ টাকা। যে কলার হালি নামাজের আগে বিক্রি হয়েছিল ২৫ থেকে ৩০ টাকা, সেই কলার হালি নামাজের পর বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায়।
ক্রেতারা বলছেন, রমজান মাসে কলার চাহিদা বাড়ার সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে ইচ্ছেমতো। কিনতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন।
সান্তাহার পৌর শহরের রেলগেটে কলা কিনতে আসা বাবু ডালি নামের এক ক্রেতা বলেন, নামাজ পড়তে যাওয়ার আগে কলার দাম শুনে গেছি প্রতি হালি ৩০ টাকা। নামাজ শেষ করে কলা কিনে বাড়ি যাব ভেবে নামাজের পর এসে দাম শুনি প্রতি হালি ৬০ টাকা। এটা কীভাবে মেনে নেওয়া যায়?
