কলকাতার চলচ্চিত্রে যুক্ত হলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি। পরীমণি নিজেই এ তথ্য জানিয়েছেন। ছবির নাম ‘ফেলু বকসি’। এই চলচ্চিত্রে পরীমণির নাম হবে লাবণ্য। আর সিনেমার নাম শুনেই বোঝা যাচ্ছে বাংলা সাহিত্যের আলোচিত দুই গোয়েন্দা চরিত্র ফেলুদা ও ব্যোমকেশ বকসি এই সিনেমার নামে ঢুকে পড়েছেন। ফলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যেত পারে এটা একটা গোয়েন্দা কাহিনিভিত্তিক চলচ্চিত্র হতে যাচ্ছে।
পরীমণি আরও জানিয়েছেন তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কলকাতার অভিনেতা সোহম। এর আগে সোহমের সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী মিষ্টি জান্নাত স্ক্রিন শেয়ার করেছিলেন। যদিও সেই ছবি আলোচিত হয়নি। এবার পরীমণি সেই সোহমের সঙ্গে অভিনয় করে সিনেমাকে কতটা আলোচনায় আনতে পারেন, সেটা আলোচ্য বিষয় হতে পারে।
পরীমণি বলেন, ‘ফেলু বকসি’ নামে কলকাতার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। চলতি মাসেই শুটিং শুরু হচ্ছে। এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতা ছবি।
কলকাতার সিনেমার প্রতি পরীমণির যে আগ্রহ রয়েছে সে কথা বরাবরই জানিয়ে এসেছেন। অভিনেত্রী বলেন, ‘কলকাতার ছবিতে কাজের প্রতি আগে থেকেই আমার লোভ ছিল। আমার মনে হয়েছে, তাদের কাজগুলো অনেক গোছানো হয়। শুটিংয়ের আগে-পরে কাজের দারুণ জার্নিও হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। বলেন, যা হোক, গত বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই, এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। মনে হয়েছে, এটি দিয়ে শুরু করা যায়। পরীমণি জানান, ছবির কাজে আগামী সপ্তাহে কলকাতায় যাচ্ছেন তিনি। শুটিংয়ের আগে পাঁচ দিনের গ্রুমিং ক্লাসে অংশ নেবেন। এর ফাঁকে কলকাতায় একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংও করবেন তিনি।
