২৪ মার্চ থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৩:৪৩ এএম

রোজার ঈদ সামনে রেখে আগামী ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। চলবে ৩০ মার্চ পর্যন্ত। আর ফিরতি টিকিট বিক্রি আগামী ৩ এপ্রিল শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত চলবে। এছাড়া ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি হবে ঈদের চাঁদ দেখা সাপেক্ষে।

বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী গতকাল বুধবার  রেল ভবনে এক সংবাদ সম্মেলনে টিকিট বিক্রির সূচি ঘোষণা করেন। এ সময় রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

রেলপথমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এবারও এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। টিকিট কালোবাজারি রোধে নতুন কিছু ব্যবস্থার পাশাপাশি নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। ট্রেনের খাবার ও যাত্রীসেবার মান যাতে আরও উন্নত হয় সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধেও নেওয়া হয়েছে নানা রকম ব্যবস্থা। রেল সেবার মান আরও উন্নত করতে রেলের কর্মীদের পাশাপাশি যাত্রীদেরও আরও সচেতন হওয়ার আহ্বান জানান রেলমন্ত্রী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারও ঈদযাত্রার কোনো টিকিট কাউন্টারে বিক্রি করা হবে না। অনলাইনের মাধ্যমেই শতভাগ টিকিট বিক্রি হবে। তবে যাত্রার দিনে নন-এসি কামরায় মোট আসনের এক-চতুর্থাংশের সমান দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে।

এবার অনলাইনের টিকিট সংগ্রহের ক্ষেত্রে প্রথমবারের মতো ওটিপি বা নির্দিষ্ট কোড ব্যবস্থা চালু করা হয়েছে। অর্থাৎ মোবাইলের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে গেলে একটি নির্দিষ্ট ওটিপি বা সাংকেতিক কোড সংশ্লিষ্ট নম্বরে চলে যাবে। সেটি নিশ্চিত করার পরই তিনি টিকিট সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে একটি মোবাইল ও এনআইডি দিয়ে সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করা যাবে। 

ঈদের টিকিট বিক্রির প্রথম দিন ২৪ মার্চ বিক্রি হবে ৩ এপ্রিলে যাতায়াতকারীর যাত্রীর টিকিট। একইভাবে ২৫ মার্চ বিক্রি হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ পাওয়া যাবে ৫ এপ্রিলের টিকিট। এরপর ২৭ মার্চ ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ ৮ এপ্রিলের টিকিট এবং ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে।

সাহাদাত আলী বলেন, রেলওয়ের সার্ভারের ওপর চাপ কমাতে রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে অনলাইনে  রেলওয়ে পূর্বাঞ্চলে আর দুপুর ২টায় পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরু হবে।

ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল। ওইদিন বিক্রি হবে ১৩ এপ্রিলের টিকিট, ৪ এপ্রিল বিক্রি হবে ১৪ এপ্রিলের টিকিট, ৫ এপ্রিল বিক্রি হবে ১৫ এপ্রিলের টিকিট, ৬ এপ্রিল বিক্রি হবে ১৬ এপ্রিলের টিকিট, ৭ এপ্রিল বিক্রি হবে ১৭ এপ্রিলের টিকিট, ৮ এপ্রিল বিক্রি হবে ১৮ এপ্রিলের টিকিট এবং ৯ এপ্রিল বিক্রি হবে ১৯ এপ্রিল  ট্রেন যাত্রার অগ্রিম টিকিট।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ৩ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ঢাকার কমলাপুর স্টেশনের পরিবর্তে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে চলাচল করবে। এবার ঈদের আগে সারা দেশের বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি টিকিট বিক্রি হবে। ঈদ উপলক্ষে সারা দেশের বিভিন্ন রুটে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত