বল হাতে সময়টা ভালো যাচ্ছে না মোস্তাফিজুর রহমানের। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন বেশ খরুচে। তাতে প্রথম ওয়ানডের একাদশেও ছিলেন না ফিজ।
মোস্তাফিজের ফর্ম চিন্তার বিষয় হলেও তার অভিজ্ঞতায় আস্থা রাখছেন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজ।
চেন্নাইয়ের বোলিং ইউনিট নিয়ে ব্রাভো বলেন, ‘আমাদের ভালো একটি দল আছে। গত মৌসুমে যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করতে চাই। এই বছর তো আমরা শার্দুলকে (ঠাকুর) ফিরে পেয়েছি, যেটা বোনাস। ফিজও (মোস্তাফিজ) অভিজ্ঞ এবং বিশ্বমানের। (মাথিশা) পাথিরানা আছে, যাকে আমরা বেবি মালিঙ্গা ডাকি। এদের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে এবং আসন্ন মৌসুমের দিকে তাকিয়ে আছি।’
গেল ডিসেম্বরে নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই মোস্তাফিজকে দলে ভেড়ায় চেন্নাই।
আইপিএলে বেশ কয়েকটি আসরে খেলেছেন মোস্তাফিজ। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলেছেন মোস্তাফিজ।
আগামী ২২ মার্চ থেকে পর্দা উঠছে আইপিএলের এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে।
