নিবন্ধন বাতিল চায় ভোক্তা অধিদপ্তর

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৩:০০ এএম

কাঁচা পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিতে কারওয়ান বাজার কাঁচামাল আড়ত ব্যবসায়ী মালিক সমিতির নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত ১২ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক চিঠিতে এই অনুরোধ জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

নিবন্ধন বাতিলের অনুরোধ করার কারণ হিসেবে চিঠিতে বলা হয়, ১১ মার্চ কারওয়ান বাজারে নিত্যপ্রয়োজনীয় কাঁচা পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে বাজার তদারকি করা হয়। এ সময় বাজারে কাঁচা পণ্যের সরবরাহ ও মূল্যবৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম দেখা গেছে। এসব অনিয়মের বিষয়ে ব্যাখ্যায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান অধিদপ্তরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য না দিয়ে মৌখিক বক্তব্য দেন, যা সন্তোষজনক নয় বলে মনে করছে ভোক্তা অধিদপ্তর।

তার বক্তব্যে বোঝা গেছে, রমজানের আগে কাঁচা পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে কমিটির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি; বরং তিনি হঠাৎ করে মূল্যবৃদ্ধির পক্ষে অযৌক্তিক যুক্তি তুলে ধরেছেন।

এরই পরিপ্রেক্ষিতে পবিত্র রমজানসহ সারা বছর কাঁচা পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও যৌক্তিক মূল্য নিশ্চিত করার লক্ষ্যে আড়ত মালিক ব্যবসায়ী সমিতির নিবন্ধন বাতিলের অনুরোধ করেছে ভোক্তা অধিদপ্তর।

ভোক্তা অধিদপ্তরের পর্যবেক্ষণে যেসব তথ্য উঠে এসেছে সবজির আড়তদার/পাইকারি বিক্রেতারা পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ ছাড়াই পণ্য কেনাবেচা করেন। আড়তদার/পাইকারি বিক্রেতারা পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করেন না। সবজির সরবরাহ ব্যবস্থায় উৎপাদক থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছয়টি হাতবদলের মাধ্যমে পণ্য ভোক্তার কাছে পৌঁছায়। কারওয়ান বাজারে কাঁচামাল সরবরাহ ব্যবস্থায় কিছুসংখ্যক পাইকারি বিক্রেতার উপস্থিতি দেখা যায়, যাদের কোনো দোকান বা ব্যবসায়িক পরিচিতি পাওয়া যায়নি। সরবরাহ ব্যবস্থার সব পর্যায়ে পণ্য হাতবদলের কারণে পণ্যের মূল্য বাড়ছে বলে দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত