ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের সরাসরি ইনস্যুরেন্স সেবা দিতে ব্যাংকাসুরেন্স সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। জীবন বীমা এবং সাধারণ বীমা উভয় ক্ষেত্রেই গ্রাহকরা দেশব্যাপী সব ব্রাঞ্চ থেকে এই সুবিধাটি নিতে পারবেন।
ব্র্যাক ব্যাংকের ব্যাংকাসুরেন্স সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, দেশের অর্থনীতির সঙ্গে মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে। সঙ্গে সঙ্গে ঝুঁকিও বাড়ছে। সেই ঝুঁকিকে সুরক্ষা দিতে না পারলে অর্থনীতি ব্যবসা বাণিজ্য স্থিতিশীল হবে না। সেজন্য বিমার গুরুত্ব অনেক বেশি। আর এই সময়ে ব্যাংকাসুরেন্স ব্যাংকিং সেক্টরে বেশ উদ্দীপনা তৈরি করেছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও আইডিআরএর সমন্বয়ে যে ব্যাংকাসুরেন্স প্রোগ্রামটি চালু হয়েছে এটা একটি সময়োপযোগী উদ্যোগ। দেশের উন্নয়নের জন্য এটি খুবই প্রয়োজন।
ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন বলেন, ব্যাংক এবং বীমা কোম্পানির মধ্যে এই সহযোগিতামূলক প্রচেষ্টার ফলে গ্রাহকরা সহজেই ইন্স্যুরেন্স প্রোডাক্টগুলো নিতে পারবেন, যা আর্থিক প্রতিষ্ঠানের প্রতি তাদের আস্থা এবং বিশ্বাস আরও বাড়াবে। মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, এই গুরুত্বপূর্ণ উদ্যোগে আরও লাখ লাখ গ্রাহক এখন আত্মবিশ্বাসের সঙ্গে তাদের আর্থিক পরিকল্পনায় মেটলাইফের বিশ্বমানের বীমা সুরক্ষা অন্তর্ভুক্ত করতে পারবেন।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারজানাহ চৌধুরী বলেন, বীমা সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্র্যাক ব্যাংকের সঙ্গে আমাদের অংশীদারত্ব করতে পেরে আমরা আনন্দিত। ব্যাংকাস্যুরেন্স বীমার জন্য একটি বিকল্প বিতরণ চ্যানেল তৈরি করবে, যা বীমা সেবাকে আরও প্রসার করবে। এটি দেশে আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করবে এবং বিশেষ করে নারী ও তরুণ প্রজন্মের জন্য বীমাকে আরও সুবিধাজনক করে তুলবে।
