অপূর্বর পাশে শিল্পী নির্মাতা-প্রযোজকরা

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১২:০১ এএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নামে অর্থ আত্মসাৎ, চুক্তিভঙ্গ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। সেই সঙ্গে তাকে আইনি নোটিস পাঠিয়েছেন কর্ণধার শাহরিয়ার শাকিল।

অপূর্বর নামে এমন অভিযোগ শুনে শিল্পী-নির্মাতারা যেন আকাশ থেকে পড়েছেন! অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন সবাই। এ নিয়ে সোশ্যালে সরব হয়েছেন শোবিজের একাধিক শিল্পী, নির্মাতা ও প্রযোজক। অভিনেতার পাশে দাঁড়িয়ে এমন মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানাচ্ছেন। অভিনেত্রী সাবিলা নূর নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, জিয়াউল ফারুক অপূর্ব একজন স্বনামধন্য, পরিশ্রমী ও সহানুভূতিশীল শিল্পী। ২০ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তিনি তার ইমেজ গড়েছেন। কোনো ভুল-বোঝাবুঝির কারণে একজন শিল্পীর ইমেজ ক্ষুণœ হোক, আমরা চাই না। ভুল-বোঝাবুঝির অবসান হোক।

প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তিনি লিখেছেন, প্রত্যেক শিল্পীকে যথাযথ মর্যাদা ও সম্মান দেওয়া হোক। জিয়াউল ফারুক অপূর্ব, আমরা আপনার পাশে আছি। নির্মাতা শিহাব শাহীন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, অভিনেতা অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য ও অসম্মানজনক। প্রায় ২০ বছর যাবৎ চিনি তাকে, কারও অর্থ আত্মসাৎ করার মতো ছেলে অপূর্ব নয়। প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী রুনা খান। তিনি বলেন, অপূর্ব আমার দেখা মানবিক-সহযোগিতাপরায়ণ সহশিল্পীদের মধ্যে অন্যতম। আমি বিশ^াস করি না, অপূর্ব কারও অর্থ আত্মসাৎ করার মানসিকতা পোষণ করে। অপূর্বর পাশে দাঁড়িয়েছেন তপু খান, আকবর হায়দার মুন্না, নির্মাতা মিজানুর রহমান আরিয়ান, প্রবীর রায় চৌধুরী, মাহমুদুর রহমান হিমি, জাকারিয়া সৌখিন, মহিদুল মহিম, এসআর মজুমদার, তুহিন হোসেন, মিফতাহ আনান, রাফাত মজুমদার রিংকু, প্রীতি দত্ত, শ্রাবণী ফেরদৌস; অভিনেত্রী মৌসুমী হামিদ, শার্লিন ফারজানা, সালহা খানম নাদিয়া; অভিনেতা মুশফিক আর ফারহান প্রমুখ।

এ বিষয়ে অপূর্ব বলেন, আমাকে নিয়ে যে অভিযোগটি এসেছে তা একদম মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যমূলক এবং আমার জন্য সম্মানহানিকর। অর্থ আত্মসাতের মতো নোংরা ও মিথ্যা অভিযোগে আমার মতো একজন শিল্পীকে জড়ানো হচ্ছে, যা খুবই দুঃখজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত