‘হাওয়া’ মুক্তির পর বলতে গেলে অনেকটা হাওয়া-ই হয়ে গেলেন পর্দার গুলতি, অর্থাৎ দুই বছর পেরিয়ে গেলেও এরপর আর নতুন কোনো কাজে দেখা যায়নি নাজিফা তুষিকে। তবে এর মধ্যে নতুন একটি কাজ শেষ করেছেন তিনি।
অভিনেত্রী বলেন, ‘একটা কাজ শেষ করেছি কিন্তু সেটা নিয়ে এখনই কিছু বলতে পারব না। টিম থেকে নিষেধ রয়েছে। তাদের কিছু পরিকল্পনা রয়েছে। তারা যখন বলবে তখনই সেটা নিয়ে কথা বলতে পারব। আমি তো কথা বলতেই চাই। এই কাজটা করে অনেক ভালো লেগেছে, এটা নিয়ে বলার অনেক কিছু আছে আমার। এই কাজটা করতে গিয়ে আমার নতুন এবং চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছে। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি।’
এর মধ্যে নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে নাজিফা তুষি বলেন, ‘আমি তো এমনিতেও অনেক বেশি কাজ করি না। পারি না। আমার সময় লাগে। যে কাজটা শেষ করে এসেছি সেটার আগে অন্য একটা কাজ নিয়ে কথা হয়েছিল কিন্তু সময়ের কারণে করা হয়ে ওঠেনি, এরপর এটা করেছি। এ রকম হয় অনেক সময়। এখন সেটা আবার সামনে করতে হবে। এখন ব্যস্ততা শুধু কাজের প্রস্তুতি নিয়ে।’
সেটা কী ওয়েব নাকি সিনেমা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখন যেগুলো শুরু করতে যাচ্ছি সেটা ওটিটি। ফিল্ম আছে, সিরিজ আছে এমনকি বড় পর্দার সিনেমাও আছে। কিন্তু সিনেমার শুটটা কবে শুরু হবে সেটা এখনো বলতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘দর্শকরা হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু আমি কাজের মধ্যেই আছি। এই বছরেই বেশ কয়েকটা কাজ দেখতে পারবে বলে আশা করছি।’
কোনো কিছুই আসলে শিল্পীর হাতে থাকে না জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘কোনো কিছুই তো আসলে আমার হাতে থাকে না। সবকিছুরই একটা টাইমিং থাকে। আমরা তো শুধু একটা ভালো চরিত্রের অপেক্ষায় থাকি, অনেক সময় সেটাই পাই না। এটার জন্য অনেক অপেক্ষা করতে হয়। আবার পেলেও দেখা গেল অন্য কাজের সঙ্গে ক্ল্যাশ করে। দেখা গেল আমি তিন মাস ফ্রি, কোনো কাজ নেই, কিন্তু একটা কাজ শুরু করলাম, তখন পাঁচটা কাজ একসঙ্গে এলো। এ রকমটা হয়। আমি তো চাই আমার দর্শকদের কাজ উপহার দিতে, সেটা কিছুদিন পরপর হোক বা উৎসবে। সেটার জন্যই তো স্ট্রাগল করছি। পরিচালকরা নায়কের গার্লফ্রেন্ড চরিত্র না ভেবে যখন নারীকেন্দ্রিক কাজ বেশি বানাবেন তখন হয়তো আরও অনেক বেশি কাজের সুযোগ থাকবে।’
তুষি বলেন, আমি তো ধুপধাপ কাজ করতে চাই না। যেহেতু ওটিটি করি, সিনেমা করি, সেটাই করব। আর সিনেমা তো আমার কাছে এক্সক্লুসিভ। যেহেতু ওটিটি আমার রেগুলার কাজের জায়গা, সেটা ঠিকঠাকভাবে করার চেষ্টা করছি, নিজেকে আরও ইম্প্র“ভ করার চেষ্টা করছি। আমার কাছে মনে হয়, অস্থির হওয়ার কিছু নেই, সবকিছুরই সময় আছে। হয়তো দেরি হতে পারে কিন্তু সেটার কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু নিয়ে আমি অনেক বেশি সচেতন থাকি। আমি শুধু অভিনয়ই করি না, পুরো ফর্ম বা কাজটার সঙ্গে থাকার চেষ্টা করি। কাজের ডেভেলপিংটা আমার খুব ভালো লাগে। এজন্য আমার অনেক সময় লাগে। তবে এটা সব কাজে না, যেসব কাজ এক্সক্লুসিভ সেগুলোতে এই সময়টা দেওয়া হয়।
সবশেষে জানান, ওটিটির কয়েকটা ওয়েব এবং বড় পর্দার সিনেমা নিয়েও কথা হচ্ছে। কিন্তু এখনো বলার মতো অবস্থায় নেই। শুটিংয়ে গেলে হয়তো তখন বিষয়টা জানানো যাবে। না হলে দেখা যায় অনেক সময় কাজ নিয়ে কথা হলো কিন্তু টাইমিং বা শিডিউল মিলল না তখন কিন্তু কাজটা আর হয় না। এজন্য আগে আগে অনেক কিছু বলে ফেললেই হয় না।
