মিরপুরে ছুরি হামলায় যুবক নিহত

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০২:০৯ এএম

রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের হামলায় আহত হয়েছে আরেকজন। গতকাল শনিবার সন্ধ্যায় মিরপুর সাড়ে ১১ আধুনিকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাসেল (২৫)। আহত যুবকের নাম রাশেদ (২২)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাশেদ জানান, ১০-১২ জন মিলে তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। রাসেলের সঙ্গে ওই এলাকার তানজিলা, তার স্বামী কালু ও তানজিলার ভাই শাহিনের সঙ্গে আগে থেকে বিরোধ ছিল। তারাই লোকজন নিয়ে হামলা করেছে বলে তার অভিযোগ।

হাসপাতাল সূত্র জানায়, আহত অবস্থায় রাসেল ও রাশেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা রাত পৌনে ৮টার দিকে রাসেলকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে হতাহত দুজনের পরিবারের সদস্যরা জানান, কালশী ই-ব্লক ৫ নম্বর লাইনের একটি বিহারি ক্যাম্পের বাসিন্দা তারা। রাসেল কারচুপির কাজ করতেন। তানজিলার সঙ্গে কী নিয়ে তার বিরোধ তা জানাতে পারেননি স্বজনরা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত রাশেদের অবস্থাও গুরুতর। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর রাসেলের মরদেহ মর্গে রাখা হয়েছে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোকলেসুর রহমান জানান, মিরপুর ই-ব্লকে বিহারিদের নিজেদের মধ্যে একটি মারামারির ঘটনায় এক যুবক মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত