নেইমার ও চোটের সম্পর্ক বেশ পুরোনো। চোট নেইমারের ক্যারিয়ারকে বাধাগ্রস্ত করেছে বারবার। চোটের কারণেই জুনে হতে যাওয়া কোপা আমেরিকা থেকেও ছিটকে গেছেন নেইমার। কবে নাগাদ দলে ফিরবেন নেইমার।
নেইমারের জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলেছেন দলের চিকিৎসক লাসমার। গত বৃহস্পতিবার লাসমারের হাসপাতালে মেডিকেল পরীক্ষা করিয়েছেন নেইমার।
স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভোকে লাসমার বলেন, ‘আমরা এখনো তার পুনর্বাসনের অর্ধেকটাতেও পৌঁছাতে পারিনি। যখন আমরা ৯ বা ১০ মাসের তার ফিজিওথেরাপি সম্পন্ন করব, তখনই শুধু আমরা তার মাঠে ফেরার সময় নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারব।’
গত বছরের ১৬ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার। সেদিন কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
বাঁ হাঁটুর অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয় নেইমারকে।
