গেল মৌসুমে রেলিগেশনের কারণে লেস্টার সিটি নেমে গেছে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ লিগে। তবে সেখানে ভালোই করছে ক্লাবটি। পয়েন্ট তালিকায় আছে শীর্ষে। লেস্টারের বিপক্ষে আজ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ভালোই ভুগেছে চেলসি।
মাচের ৯০ মিনিটে স্কোরলাইন ছিল ২-২। তবে যোগকরা সময়ে দুই গোল করে ব্লুজরা। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে চেলসি।
ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের এগারোতে থাকা চেলসি ম্যাচটা আরও আগেই হয়তো জিততে পারতো। ২৮ মিনিটের সময় স্পটকিক থেকে স্কোর করতে পারেননি রাহিম স্টার্লিং। তার শট রুখে দেন লেস্টার গোলকিপার।
স্টামফোর্ড ব্রিজে ম্যাচের ১৩ মিনিটে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন মার্ক কুকুরেল্লা। প্রথমার্ধের যোগকরা সময়ে কোল পালমার ব্যবধান দ্বিগুন করেন।
তবে ৫১ মিনিটে অ্যাক্সেল ডিসাসির আত্মঘাতী গোল এবং ৬২ মিনিটে স্টেফি মাভিডিডির গোল সমতায় ফেরে লেস্টার।
৭৩ মিনিটে লেস্টারের কালুম ডোলে লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় লেস্টার। সেই সুযোগটাই কাজে লাগান চেলসির খেলোয়াড়রা।
যোগকরা সময়ের দ্বিতীয় মিনিটে চুকুয়েমেকা এবং অষ্টম মিনিটে ননি মাদুয়েকে গোল করলে জয় নিশ্চিত হয় চেলসির।