আর্জেন্টিনার দুই ম্যাচে নেই মেসি!

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০২:৪৩ এএম

আগামী শনিবার এই বছরে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ফিফা উইন্ডোতে তারা খেলবে এল সালভাদরের বিপক্ষে। এরপর ২৬ মার্চ কোস্টারিকার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। সেই দুই প্রীতি ম্যাচে মেসি খেলতে পারবেন না বলে খবর, আর্জেন্টিনার সংবাদ মাধ্যমগুলোর। ডিসি ইউনাইটেডের বিপক্ষে মায়ামির ম্যাচের পর কোচ জেরার্দো মার্তিনোর কথাতেও মিলেছে তেমনই ইঙ্গিত।

দুই প্রীতি ম্যাচের প্রথমটি পেনসেলভেনিয়ার লিংকন ফিনান্সিয়াল স্টেডিয়ামে, পরেরটি লস অ্যাঞ্জেলেসের ইউনাইটেড এয়ারলাইনস মেমোরিয়াল কলিসিয়ামে। খেলা দুটি যুক্তরাষ্ট্রের মাটিতে হলেও হ্যামস্ট্রিং চোটের কারণে লিওনেল মেসিকে পাবে না আর্জেন্টিনা। একই কারণে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির শনিবারের ম্যাচেও মেসি খেলতে পারেননি। তবে মেসিকে ছাড়াই লুইস সুয়ারেজের জোড়ায় ডিসি ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। এরপর ২৪ মার্চ নিউ ইয়র্ক রেড বুলস ও ৩১ মার্চ নিউইয়র্ক সিটির বিপক্ষে এমএলএসের ম্যাচ হেরনদের। মেসি আর্জেন্টিনার স্কোয়াডে থাকায় স্বাভাবিকভাবেই মায়ামির ওই দুই ম্যাচ মিস করতেন। তবে চোটের কারণে কোনো ম্যাচই খেলা সম্ভব হচ্ছে না আর্জেন্টিনা অধিনায়কের।

শনিবার মায়ামির ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মায়ামি কোচ মার্তিনোর কাছে দলের জয়ের পাশাপাশি মেসি কবে ফিরবেন সেই প্রসঙ্গও জানতে চান সাংবাদিকরা। মার্তিনো যা বলেছেন, ‘মেসির চোটের অবস্থার উন্নতি কেমন হচ্ছে, তা সপ্তাহ ধরে বুঝতে হবে এবং আমরা সেভাবেই বিষয়টা দেখব। একটা বিষয় স্পষ্ট, আমাদের লক্ষ্য মেসিকে কনকাকাফ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে খেলানো। তার পেশিতে চোট। তার (আর্জেন্টিনা দলে) যোগ দেওয়ার বিষয়টা নিয়ে কথা বলবে জাতীয় দলের সঙ্গে জড়িত লোকজন।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত মেসির বদলি হিসেবে এখনো পর্যন্ত কাউকে জাতীয় দলে ডাকেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এমনকি মেসি খেলতে পারবেন না, এমন তথ্যও আর্জেন্টিনার পক্ষ থেকে অফিশিয়ালি জানানো হয়নি।

কনকাকাফ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে মায়ামির প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব সিএফ মনটেরি। আগামী ৩ এপ্রিল প্রথম লেগে ঘরের মাঠে খেলবে মায়ামি। এক সপ্তাহ পর ফিরতি লেগ হবে মেক্সিকোয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত