একাধিকবার ব্যান্ডেজ বদলে শুটিং করেছি

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৩:০০ এএম

পায়ে ব্যান্ডেজ নিয়েই আমাকে শুটিং করতে হয়েছে। যেহেতু আঘাতের গভীরতা বেশি, সেহেতু ব্যান্ডেজ একটু পরপরই বদলে নিতে হচ্ছিল। খুলনা থেকে সুন্দরবনে এসেছি আমি যদি শুটিংয়ে অংশ না নিই, তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তাই কষ্ট হলেও ঝুঁকি নিয়েই শুটিং করেছিএমনটাই বলছিলেন চিত্রনায়ক মামুনুন হক ইমন। গতকাল সোমবার সকাল থেকেই জানা যায়, ইমন সুন্দরবনে শুটিং করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। ইমনের বেশ কয়েকটি ছবিও পাওয়া যায়, যেখানে তাকে আহত অবস্থায় দেখা যায়। মূলত অপারেশন জ্যাকপট চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে জাহাজ থেকে লাফ দিয়ে সাগরের কিনারা দিয়ে দৌড়াচ্ছিলেন। সে সময়ই ধারালো বস্তু দিয়ে তার পায়ের তালু গভীরভাবে কেটে যায়। এরপর শুটিং ইউনিট তাকে উদ্ধার করে, স্থানীয়ভাবে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করে।

ইমন গতকাল সন্ধ্যায় খুলনা শহরে ফেরার সময় প্রতিবেদকের সঙ্গে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে বলেন, ভারত থেকে বাহুবলি সিনেমার কোরিওগ্রাফার এসেছেন। অপারেশন জ্যাকপট সিনেমায় একটা ট্রেনিং সেশন দেখানো হবে। সেখানেই একটি গান রয়েছে। সেই গানের ট্রেনিং সেশনের অংশ হিসেবে আমি জাহাজ থেকে লাফ দিই সাগরের কিনারে। সেটা সফলভাবেই সম্পন্ন হয়। এরপর আমাকে সে অবস্থাতেই দৌড়াতে হয়। কিন্তু এটা করতে গিয়েই বিপত্তিটা হয়। আমি যখন দৌড়াতে শুরু করি, তখন হুট করে মনে হলো কে যেন আমার পায়ের তলাটা চিরে দিল। আমি আর্তনাদ করে পড়ে যাই। টিম আমাকে উদ্ধার করে নিয়ে যায়।

এরপরও ইমন শুটিং করেছেন। বললেন, আমার পায়ের অবস্থা খারাপ। এখন জ¦র এসেছে বুঝতে পারছি। সারা দিন একাধিকবার ব্যান্ডেজ বদলে বদলে শুটিং করতে হয়েছে। এখন খুলনায় ফিরছি, সেখানে টিটেনাস ইনজেকশন প্রয়োজন হলে নেব। দেখি চিকিৎসক কী বলেন। সে অনুযায়ী এখন চলতে হবে।

ইমন জানালেন, সুন্দরবন অঞ্চলে মুক্তিযুদ্ধের দৃশ্যগুলো ফুটিয়ে তোলার জন্যই সেখানে শুটিং হচ্ছে। এই শুটিং দলে চিত্রনায়ক অনন্ত জলিল, নিরব, জয় চৌধুরী, আদর আজাদসহ অনেকেই রয়েছেন। খুলনা শহরের একটি হোটেলে পুরো টিম অবস্থান করছে। সেখান থেকেই সুন্দরবন অঞ্চলে গিয়ে শুটিং করা হচ্ছে।

ইমন বলেন, এই কদিন টানা শুটিং চলবে। আমরা খুলনার একটি আবাসিক হোটেলে থাকছি। আমাদের সঙ্গে নিরব, অনন্ত জলিলসহ অনেকেই রয়েছেন। এখান থেকেই শুটিংস্পটে গিয়ে শুটিং করছি, তারপর ফিরে আসছি। এভাবেই টানা ২২ তারিখ শুটিং চলার পর ২৭ তারিখ থেকে নতুন শুটিং শুরু হবে। সেখানে পাকিস্তানি আর্মিদের সঙ্গে আইটেম গানের শুটিং করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত