সৌদি আরবে সফল ক্যাম্প শেষে কুয়েতে পৌঁছে প্রথম অনুশীলন সেশন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ২১ মার্চ ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে প্রথম দিনের অনুশীলন শেষে কথা বলেন রক্ষণভাগের ভরসা তপু বর্মন।
কুয়েতে নেমেই প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনা পেয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাতে আপ্লুত তপু জানান, ‘কুয়েতের মাটিতে পা রেখে যে উষ্ণ অভিনন্দন আমরা পেয়েছি তা অবিশ্বাস্য। এমন আতিথেয়তা আমাদের জন্য অনেক বড় বিষয়। আমি আশা করবো ম্যাচের দিন আপনারা মাঠে এসে আমাদের এমনভাবেই সমর্থন যোগাবেন। আমরাও চেষ্টা করবো আপনাদের হতাশ না করতে।
অনুশীলন নিয়ে তপু বলেন, ‘সৌদি আরবে আমাদের খব ভালো ক্যাম্প হয়েছে। এটা ২১ তারিখে ফিলিস্তিনের ম্যাচের জন্য খুব প্রয়োজনীয় ছিল। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার একটি বিষয় আছে। সৌদি আরব ও কুয়েতে সন্ধ্যার পরে প্রায় একই রকম আবহাওয়া। আমাদের আজকের অনুশীলনটি খুব হাই ইনটেনসিটি অনুশীলন ছিল। একদিন বিরতির পর এর খুব দরকার ছিলে আমাদের শরীরের জন্য এবং ভ্রমণজনিত অলসতা দূর করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ফিট আছি।’
প্রতিপক্ষ হিসেবে ফিলিস্তিন বেশ শক্তিশালী। শক্তিশালী তাদের আক্রমণভাগও। সেই দলে আছেন সামেহ মারাবা, তামের সেয়াম, ওদে দাব্বাঘের মতো খেলোয়াড়েরা। এ ব্যাপারে তপু বলেন, ‘আমাদের সামগ্রিকভাবে রক্ষণের দিকে মনোযোগ দিতে হবে। আমরা ডিফেন্ডাররা জানি আমাদের কী করতে হবে। সে অনুযায়ী কোচও আমাদের পরিকল্পনা দিয়েছে। ফিলিস্তিন কী পরিমাণ শক্তিশালী দল তা আমরা জানি। ওদের সম্পর্কে একটা পরিস্কার ধারণা আমাদের আছে। আমার মনে হয় মূল দায়িত্ব আমরা যারা রক্ষণে আছি তাদেরকেই নিতে হবে।’
ফিলিস্তিন ম্যাচ নিয়ে ভাবনায় তপু জানান, ‘বড় ম্যাচে আমাদের দুর্বলতা ও সবলতা নিয়ে আমাদের পরিস্কার ধারণা আছে। সে অনুযায়ী আমরা এতোদিন কাজ করেছি। এখন লক্ষ্য ২১ তারিখ। সেই ম্যাচে আমরা যদি দলগতভাবে খেলতে পারি তাহলে অবশ্যই ইতিবাচক ফল আসবে।’
