কুমিল্লার নাঙ্গলকোটে ময়মনসিংগামী বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের ঘটনায় চার কিশোরকে আটক করেছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) আটককৃত কিশোরদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার টেতিগ্রামের কাজী আমির হোসেনের ছেলে কাজী সামির (১৫), একই গ্রামের কাজী আবুল কাসেমের ছেলে কাজী আল আমিন (১৫), আবু হানিফের ছেলে শাকিবুল হাসান ফাহিম (১৪) ও আবদুল মালেকের ছেলে আবদুল্লাহ আল মামুন জিহাদ (১৩ )। তারা সবাই একই গ্রামের বাসিন্দা ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী।
লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার বলেন, সোমবার রাতে রেলওয়ে কর্তৃপক্ষ ৪ জনকে আসামি করে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১। পরে অভিযান চালিয়ে তেলিগ্রাম থেকে তাদের আটক করা হয়। ঘটনায় আগে কয়েকজন কিশোর রেললাইনের উপর ঘোরাঘুরি করতে থাকলে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে একটি স্কুল ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। কিছুক্ষণ পর চট্টগ্রাম থেক ছেড়ে আসা ময়মনসিংগামী বিজয় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হয়। পরে ফেলে রাখা স্কুল ব্যাগ তল্লাশি করে ও ব্যাগের ভেতর থেকে রেললাইনের ৩টি বিয়ারিং প্লেট ও জন্ম নিবন্ধন পাওয়া যায়। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, রবিবার (১৭ মার্চ) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেল স্টেশনের পূর্ব দিকে তিন কিলোমিটার দূরে তেজের বাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেসের ১৮ বগির মধ্যে ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ৩০ জন আহত হয়।
