সম্প্রতি ভারতে কার্যকর হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ; যা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিতর্ক শুরু হয়েছে। হয়েছে মামলাও। ইতিমধ্যে দেশটির সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে ২৩৭টি মামলা জমা পড়েছে। সব কটি মামলা নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে গতকাল মঙ্গলবার শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে যে বেঞ্চ এই মামলা শুনবে, তাতে আছেন বিচারপতি জেবি পারড়িওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, মামলাকারীদের মধ্যে গুরুত্বপূর্ণ নাম বহিষ্কৃত তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র, সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, কেরালার একটি রাজনৈতিক সংগঠন, এমআইএমপ্রধান আসাদুদ্দিন ওয়েইসি।
প্রত্যেক মামলাকারীই এ আইনটিকে অসাংবিধানিক বলে অভিযোগ করেছেন। তাদের বক্তব্য, এখানে ধর্মীয় নিরপেক্ষতার বিষয়টিকে উপেক্ষা করা হয়েছে। মুসলিমদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।
এদিকে আইনটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র বলেছে, এই আইনের প্রভাব ভারত-মার্কিন সম্পর্কের ওপর পড়তে পারে।
