চলছে ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব, আজ মঞ্চে যাত্রাপালা

আপডেট : ২০ মার্চ ২০২৪, ১২:২৭ এএম

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ১৮-২৫ মার্চ পর্যন্ত ৮ দিনব্যাপী ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব শুরু হয়েছে।

১৮ মার্চ একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উৎসব উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে উৎসবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত ৩১টি যাত্রাদলের যাত্রাপালা মঞ্চায়ন চলছে। যাত্রাশিল্প উন্নয়ন কমিটির সম্মানিত সদস্য এবং স্বনামধন্য যাত্রাশিল্পী ও ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত থেকে যাত্রাপালা মূল্যায়ন করবেন এবং তাদের মূল্যায়নের ভিত্তিতে যাত্রাদলগুলোকে নিবন্ধন প্রদান করা হবে।

আজ ২০ মার্চ স্টুডিও থিয়েটার হলে বেলা ৩টা থেকে বিকেল ৪টায় যাত্রা পরিবেশন করবে পালাকার: রঞ্জন দেবনাথ, যাত্রাপালা: ‘মায়ের চোখে জল’ যাত্রা মঞ্চস্থ করবে পায়েল অপেরা, গোপালগঞ্জ।

বিকেল ৪টা ১০ থেকে ৫টা ১০ মিনিটে যাত্রা পরিবেশন করবেন পালাকার : লাল মিয়া, যাত্রাপালা : ‘গুনাই বিবি’ যাত্রা মঞ্চস্থ করবে ইকু ইরফান অপেরা, সিরাজগঞ্জ। বিকেল ৫টা ২০ থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে যাত্রা পরিবেশন করবেন পালাকার : সামছুল হক, যাত্রাপালা : ‘আলোমতি’ যাত্রা মঞ্চস্থ করবে নিউ বাঁধন নাট্য সংস্থা, ঢাকা। সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টায় যাত্রা পরিবেশন করবেন পালাকার : হিরেন্দ্র কৃষ্ণ দাস, যাত্রাপালা : ‘সাগরভাসা’ যাত্রা মঞ্চস্থ করবে রঞ্জু অপেরা, সিরাজগঞ্জ এবং রাত সোয়া ৮টা থেকে রাত সোয়া ৯টায় যাত্রা পরিবেশন করবেন পালাকার : রাখাল বিশ্বাস, যাত্রাপালা : ‘রক্তাক্ত বর্ণমালা’ যাত্রা মঞ্চস্থ করবে যাত্রাবন্ধু অপেরা, ময়মনসিংহ।

১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসবে অংশগ্রহণকারী সব পালা দর্শকদের জন্য উন্মুক্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত