মেয়র তাপস বললেন

যথাযথ স্বাস্থ্যসেবা না পাওয়ায় ডেঙ্গুতে মৃত্যুর হার বেশি

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৩:৪০ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, যথাযথ স্বাস্থ্যসেবা না পাওয়ায় পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মৃত্যু হার বেশি।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর ভূতের গলি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র শেখ তাপস বলেন, ‘গতকালও আমরা স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রীসহ এ বিষয়ে একটা সভা করেছি। যে বিষয়টা সবচেয়ে পীড়াদায়ক তা হলো গত বছর মৃত্যুর হার খুবই বেড়ে গিয়েছিল। সেই ক্ষেত্রে আমরা বলেছি, স্বাস্থ্যসেবাকে আরও নিশ্চিত করতে হবে। কারণ গত বছর কিছু বিষয় আমরা লক্ষ করেছি। অনেক রোগীদের প্রাথমিক পর্যায়ে বলা হয়েছে তাদের হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় গিয়ে চিকিৎসা করলেও চলবে। পরে দেখা যাচ্ছে সেই রোগীর পরিস্থিতি আরও বেশি খারাপ হয়েছে। পরে তিনি যখন ভর্তি হয়েছে তখন তাকে সেভাবে স্বাস্থ্যসেবা দেওয়া যায়নি। এতে করে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। এ বিষয়গুলো আমরা গতকালের সভায় তুলে ধরেছি।’

ব্যারিস্টার তাপস পৃথিবীর অনেক দেশের তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, ‘ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বে আছে। যেসব দেশে মৌসুমি বৃষ্টি হয় তথা বর্ষা প্রবণ অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত কারণে এডিস মশা বেশি হয়। সেসব দেশের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখা গেছে তাদের তুলনায় আমাদের ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু আমাদের দেশে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। তাহলে বোঝা যাচ্ছে আমাদের দেশে রোগীরা স্বাস্থ্যসেবাটা সঠিকভাবে পাচ্ছে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত