ঈদযাত্রায় লাখো মানুষের ভোগান্তি কমাতে প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক পদ্ধতির মনিটরিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় যানবাহন বন্ধ করা, বাস-ট্রাকের ছাদ ও পণ্যবাহী পরিবহনে যাতায়াত ঠেকানো, অতিরিক্ত ভাড়া বন্ধে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে যাত্রী কল্যাণ সমিতি। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।
মো. মোজাম্মেল হক বলেন, ইতিমধ্যে সারা দেশে ৭১৪টি অধিক যানজটপূর্ণ এলাকার খবর গণমাধ্যমে এসেছে। ১০টি জাতীয় মহাসড়কের ২৩৮টি অতিঝুঁকিপূর্ণ দুর্ঘটনাপ্রবণ স্পটের বিষয়ে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সরকারকে সতর্ক করা হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের তথ্য মতে, এসব দুর্ঘটনাপ্রবণ স্পটে ৬০ শতাংশ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। বিভিন্ন জাতীয় মহাসড়কের টোল প্লাজা যানজটমুক্ত রাখার সিদ্ধান্ত প্রতি ঈদে নেওয়া হলেও তা কার্যকর হয় না।
