তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা আর থাকবে না। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সচিব ফরিদ আহাম্মদ। এ ছাড়া প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল ঠেকাতে একটি যন্ত্র উদ্ভাবন করা হয়েছে, যা পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে বলে তিনি জানান।
তৃতীয় শ্রেণির পরীক্ষার বিষয়ে সচিব বলেন, এ ক্ষেত্রে মূল্যায়নের পদ্ধতি ভিন্ন হবে, যেহেতু ধারাবাহিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়ন মানে একটা শিক্ষার্থীর সামগ্রিক আচরণ অবজার্ভ করে, এটি মূল্যায়নের মাধ্যমে মূল্যায়ন।
ফরিদ আহাম্মদ বলেন, ‘এ মূল্যায়ন একটা অ্যাপসের মাধ্যমে করা হবে। অ্যাপসটি এরই মধ্যে তৈরি হয়েছে। এটা আমরা শিগগিরই পেয়ে যাব।’
তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসের মাধ্যমে নকলের প্রবণতা বেড়েছে। সম্প্রতি ডিভাইসসহ একাধিক প্রার্থী আটকও হয়েছে। এ ধরনের নকল ঠেকাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অভিনব এক যন্ত্র বানিয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় বানানো ‘সুরক্ষা’ নামে এ যন্ত্রটি পরীক্ষায় জালিয়াতির ডিজিটাল ডিভাইস ব্যবহারকারীকে চিহ্নিত করবে।
সচিব জানান, কোনো পরীক্ষার্থী পরীক্ষায় জালিয়াতির উদ্দেশে কানের ভেতরে ডিজিটাল ডিভাইস রাখলে এই যন্ত্র তার সন্ধান দেবে। জালিয়াতির ডিভাইস কোনো পরীক্ষার্থীর কানে ঢোকানো হলে অথবা কোনো পরীক্ষার্থী ওই ধরনের ডিভাইস কানে রেখে থাকলে বুয়েট উদ্ভাবিত যন্ত্রে একটি লাইট জ¦লে উঠবে এবং শব্দ সংকেত বেজে উঠবে।
তিনি জানান, যন্ত্রটি উদ্ভাবনের জন্য বুয়েটের আইআইটিসিকে ইনোভেশন ফান্ডের আওতায় ৫ লাখ টাকা দেওয়া হয়। এ যন্ত্র তৈরিতে প্রাথমিকভাবে ৮ হাজার ৫০০ টাকা খরচ হবে। পরে বেশি উৎপাদন করা হলে দাম পড়বে ৫ হাজার ৫০০ টাকা।
ফরিদ আহাম্মদ বলেন, আগামী ২৯ মার্চ তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা থেকেই এই যন্ত্র ব্যবহার করা হবে। এই নিয়োগ পরীক্ষায় ২৫টি যন্ত্র দিয়ে পাঁচটি টিম করে পরীক্ষা কেন্দ্রে এই যন্ত্রের পাইলটিং করা হবে। পরীক্ষার্থী বেশি এমন পাঁচটি জেলা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ এই জেলাগুলোতে পাইলটিং হবে।
সচিব বলেন, সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত (এমসিকিউ) পরীক্ষা ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। ৬ হাজার ২০১টি পদের বিপরীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন। মৌখিক পরীক্ষা সম্ভাব্য তারিখ ৫ থেকে ২০ মে। আর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১০ জুন।
