ব্যবসায়ীদের সড়কে বসতে দেবে না পুলিশ

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০২:৫২ এএম

ঈদযাত্রায় যানজট এড়াতে মহাসড়কে ছয় দিন ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা জানান।

এদিকে যানজট এড়াতে রমজান মাসে কোনো ব্যবসায়ীকে সড়কে ব্যবসা করতে দেবে না ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান।

‘পবিত্র রমজান মাসে ট্রাফিক ব্যবস্থাপনা ও নির্দেশনা’র বিষয়ে জানাতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মুনিবুর রহমান বলেন, রমজান মাস উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় অফিস ছুটি হলেও দেখা যায় বিকেল সাড়ে ৫টার আগ থেকে অধিকাংশ যানবাহন তড়িঘড়ি করে গন্তব্যস্থলে রওনা হয়। এতে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইন্টার সেকশনে পড়ে অযাচিত ট্রাফিক যানজট তৈরি হয়। মহানগরের বিদ্যমান বাস্তবতায় চার বা তিন রাস্তার ইন্টার সেকশনে যেকোনো এক লেনের যানবাহনের জন্য সিগন্যাল চালু করলে অন্য লেনগুলো সাময়িক বন্ধ রাখতে হয়। যেহেতু ইফতারের আগে সবারই ফিরতে হয় তাই লাইন ম্যানেজমেন্টের বিষয়টি বিবেচনা করলে বিষয়টি চ্যালেঞ্জও বটে। তাই অফিস ছুটির সময় অর্থাৎ সাড়ে ৩টা থেকে বা এর কাছাকাছি সময় থেকে বাসার উদ্দেশে ফেরার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটগুলোতে সড়কের পাশে গাড়ি পার্কিং করা হয়। যা সড়কের প্রশস্ততা কমিয়ে দেয় এবং যানবাহন চলাচল বাধাগ্রস্ত করে। রমজানের শুরু থেকেই ট্রাফিক বিভাগ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। সড়কের পাশে অযাচিত পার্কিং না করা থেকে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া নির্ধারিত বাস স্টপেজে না দাঁড়িয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের টার্নিং পয়েন্টে যাত্রীরা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে। এতে করে সড়কের যানবাহনে চলাচলের ক্ষেত্রে বিঘœ ঘটায়। এতে যানবাহনের মুভমেন্ট অনেক কমে যায়। যাত্রীদের গণপরিবহনের চলাচলের ক্ষেত্রে নির্ধারিত স্টপেজে গিয়ে অপেক্ষার জন্য অনুরোধ করা হয়েছে। অনেক স্টপেজে যাত্রী না থাকলেও গণপরিবহনগুলো দীর্ঘ সময় ধরে অবস্থান নেয়। এতে যাত্রীদের মধ্যে বিরূপ প্রভাব পড়ে এবং যানজট তৈরি হয়।

ভারী যানবাহনের জন্য ডিএমপি এলাকায় প্রবেশের নির্দিষ্ট সময়সীমা আছে জানিয়ে ট্রাফিক বিভাগের প্রধান বলেন, অনেক সময় সেই সময়সীমা না মেনে তারা চলার চেষ্টা করে যা যানজটের সৃষ্টি করে। নির্ধারিত সময়সীমার মধ্যেই ভারী যানবাহন চলাচলের বিষয়টি মেনে চলতে হবে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বিভিন্ন সময় ঢাকা শহরের ছোট বড় সড়কে মেরামতের কাজ চলছে। জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে রমজান মাসে এসব সড়ক চলাচল উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

তিনি বলেন, অনেক গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের পাশে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে যা সংখ্যায় অনেক বেশি। কিন্তু রাস্তার মধ্যে আইল্যান্ড ভাঙা থাকায় অনেক ক্রেতাসাধারণ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। যানবাহনের চলাচল ও গতি এতে ভীষণভাবে ব্যাহত হচ্ছে।

ঈদে ৬ দিন ট্রাক কাভার্ড ভ্যান বন্ধ থাকবে : ঢাকা শহরের লক্কড়ঝক্কড় গাড়ি আমাদের উন্নয়ন অর্জনকে লজ্জা দেয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই ঢাকা শহরে প্রাইভেট কার কত আধুনিক। অথচ বাসগুলোর দিকে তাকানো যায় না। মফস্বল ও চট্টগ্রামে চলাচল করা গাড়ি এর থেকে ভালো। ঈদ উপলক্ষে লোক দেখানো নয় গাড়িগুলোকে মোটামুটি ফিটনেসে আনা দরকার গাড়ির মালিকদের। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানী বনানীতে বিআরটিএ ভবন অনুষ্ঠিত ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘœ করতে অংশীজনদের সভায় এই নির্দেশনা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আসন্ন ঈদে সড়কে দুর্ঘটনা এড়াতে থ্রি-হুইলারের পাশাপাশি মোটরসাইকেল চলাচলে নজরদারি বাড়ানো দরকার। দুর্ঘটনা নিয়ে আমাদের দুর্ভাবনা চলছেই। এই দুর্ঘটনার শেষ নেই। এখানে থ্রি-হুইলার ও মোটরসাইকেলের বেপরোয়া ড্রাইভিং সবকিছু মিলিয়ে এই অ্যাকসিডেন্ট হচ্ছে। এ জন্য নিরাপদ সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। যদি শীতল মনোভাব নিয়ে থাকি, তবে দুর্ঘটনা হতেই থাকবে। এ ব্যাপারে পরস্পরের ওপর দোষ না চাপিয়ে, যার যার দায়িত্ব পালন করা উচিত। ’

মতবিনিময় সভায় ঈদের যানজটের সম্ভাব্য ১৫৫টি স্থান চিহ্নিত করে কয়েকটি স্থানের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, ঈদের সময় দুটো জায়গায় ঠিক করেন সব ঠিক। ফেনী থেকে ঢাকায় সেতুতে আসতে যে সময় লাগে, হানিফ ফ্লাইওভার পার হতে এর চেয়ে বেশি সময় লাগে। এখানে একটা ‘কিন্তু’ আছে। টোল বাড়ানোর জন্য এখানে এই ‘কিন্তু’ সৃষ্টি করা হয় কি না সেটা দেখতে হবে। আর গাজীপুরের চন্দ্রা, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়সহ কয়েকটা জায়গা ঠিক করতে হবে। এ ছাড়া উত্তরবঙ্গটাই আসল। চট্টগ্রামে সমস্যা হবে না। সিলেট সড়কের কাজ কয়েক দিন বন্ধ রাখুন। নতুবা বৃষ্টির পানি আর নির্মাণাধীন রাস্তার ইট আর বালুতে সব একাকার হয়ে যাবে। গাজীপুরে বিষয়টি আমি নিজেই দেখছি। চৌরাস্তায় সাতটি ফ্লাইওভার খুলে দেওয়া হচ্ছে। গাজীপুরে এমনিতেই এখন আর উল্লেখযোগ্য যানজট নেই। যাত্রায় গাড়ি চলাচল সচল রাখতে ঈদের আগে ও পরে পাঁচ দিন স্টেশন খোলা রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।

ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নিয়ে মনিটরিং থাকলেও যারা অতিরিক্ত ভাড়া নেয়, তাদের আগেভাগেই সতর্ক করে দেওয়ার কথা বলেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, ঈদের তিন দিন আগে ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি চলাচল বন্ধ রাখতে হবে। এখানে শুধু প্রয়োজনীয় খাদ্য, গার্মেন্টস, জ¦ালানি ও ওষুধ বহনকারী যানবাহন চলবে।

মতবিনিময় সভায় ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘেœ করতে অংশীজনেরা তাদের মতামত ও সুপারিশ  তুলে ধরেন। মতবিনিময় সভার মধ্যে দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিবারকে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

সভায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শাজাহান খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সড়ক পরিবহন ও মহাসড়ক সচিব এ বি এম আমিন উল্লাহ, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত