বাসচাপায় নিহত ৫ দিনাজপুরে বিআরটিসির চালক গ্রেপ্তার

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০২:৫৩ এএম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে পাঁচজন নিহতের ঘটনায় ঘাতক চালক আজিজার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে দিনাজপুর শহরের নয়নপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল বিকেলে দিনাজপুর কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। গ্রেপ্তার আজিজার রহমান দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার মৃত ফজির উদ্দিনের ছেলে। এই চালকের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক দ্রব্যসহ মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন বলেন, গত ৬ ফেব্র“য়ারি রানীরবন্দরে বেপরোয়া বিআরটিসির বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে একজন নিহতের ঘটনা ঘটে। ঘাতক বিআরটিসি বাসের চালক আজিজার রহমান দুর্ঘটনার পর থেকে পলাতক ছিল। বৃহস্পতিবার রাতে দিনাজপুর শহরের নয়নপুর এলাকায় কোতোয়ালি থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক দ্রব্য ও দ্রুত বিচার আইনে পাঁচটি মামলা রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত