রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। গত মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর করা এক চিঠিতে তাকে কারণ দর্শানোর এ নোটিস দেওয়া হয়। কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা আগামী ১৫ দিনের মধ্যে দলের সভাপতি বরাবর জমা দিতে বলা হয়েছে ওই নোটিসে।
আবুল কালাম আজাদ বলেন, কে কীভাবে আমার বক্তব্য প্রচার করেছে সেটি দেখার বিষয়। আমার ১০ মিনিটের একটি ভিডিও থেকে যদি কেউ কেটে ১০ সেকেন্ড করে প্রচার করে তাহলে কী হবে? চিঠির বিষয়ে তিনি বলেন, আমি এখনো চিঠি হাতে পাইনি। চিঠি পেলে সেই অনুযায়ী লিখিত বক্তব্য দিব। গত ৯ মার্চ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হওয়ায় রাজশাহী-৫ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারার গণসংবর্ধনায় বক্তব্যে তিনি নিজ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকারকে গালাগাল করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিল কুমার দলের ‘বিদ্রোহী’ প্রার্থী এনামুল হকের কাঁচি প্রতীকের পক্ষে ছিলেন।
