রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে বন্দুক হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০০ জন।
স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে এ ঘটনা ঘটে।
রাশিয়ার ফেডালের সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ ঘটনায় ৪০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
রয়টার্স বলছে, ছদ্মবেশী পাঁচ বন্দুকধারী ওই ভেন্যুতে চলমান একটি কনসার্টে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়। সেসময় তারা সেখানে বিস্ফোরণ ঘটিয়ে আত্নগোপনের চেষ্টা করে। 'পিকনিক' নামে একটি ব্যান্ড সেসময় পারফর্ম করছিল।
রুশ সংবাদমাধ্যমে বলা হয়েছে, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়েছে হলের ছাদ।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন একে 'ভয়াবহ ট্র্যাজেডি' এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে 'রক্তাক্ত সন্ত্রাসী হামলা' হিসেবে উল্লেখ করেছে।
