স্পেনের বিপক্ষে প্রথম জয় কলম্বিয়ার

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০১:২১ পিএম

স্পেনের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে আগে যা করতে পারেনি কলম্বিয়া, এবার তাই করে দেখাল তারা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল লাতিন আমেরিকার দলটি।

লন্ডন স্টেডিয়ামে শুক্রবার প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছে কলম্বিয়া। একমাত্র গোলটি করেছেন দানিয়েল মুনোস।

২০১০ সালের বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে চতুর্থ দেখায় এসে, দ্বিতীয়ার্ধে উজ্জীবিত পারফরম্যান্সে প্রথম জয়ের স্বাদ পেল কলম্বিয়া। আগের তিন ম্যাচের দুটি হয়েছিল ড্র; ২০১১ সালের প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল স্পেন।

ম্যাচের ৬১ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে যান লুইস দিয়াস, প্রতিপক্ষের দুইজনের বাধা এড়িয়ে লিভারপুল ফরোয়ার্ড দারুণ ক্রসে দূরের পোস্টে খুঁজে নেন মুনোসকে। আর অসাধারণ এক হাফ ভলিতে ব্যবধান গড়ে দেন ক্রিস্টাল প্যালেস ডিফেন্ডার।

গোল হজমের পর একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। বদলি নামেন দুই ফরোয়ার্ড আলভারো মোরাতা ও নিকো উইলিয়ামস এবং মিডফিল্ডার আলেক্স বায়েনা। মিনিট দশেক পর দারুণ ছন্দে থাকা বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালকে নামান কোচ। কিন্তু কেউই পারেননি দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে। হারের হতাশায় মাঠ ছাড়তে হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত