সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশের মেয়েরা

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৩:৩৯ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেটারদের স্মরণীয় সময় কেটেছে গত বছরটা। ঘরের মাঠে ভারত ও পাকিস্তানকে বধ করেছিল তারা। এবার মিশন অস্ট্রেলিয়া। তবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। তবে গত বছরের মাঝামাঝিতে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ও শেষটায় দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারানো দিচ্ছে আত্মবিশ্বাস। আর যা কাজে লাগিয়ে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বড় হার বাংলাদেশকে দেখিয়েছে কঠিন বাস্তবতা। যে বাস্তবতা মেনে নিয়েই সিরিজে ফেরার মিশনে মাঠে নামতে যাচ্ছেন জ্যোতি-ফাহিমারা। পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ তো আছেই। কারণ ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে যে পয়েন্ট টেবিলের সেরা ছয়ে থাকতে হবে বাংলাদেশের মেয়েদের। এই চক্রে স্বাগতিক ভারত ও পয়েন্ট টেবিলের প্রথম পাঁচ দল পাবে সরাসরি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ খেলার টিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাই পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান উন্নতির দিকে মনোযোগ দেয়ারই লক্ষ্য ছিল বাংলাদেশের।

কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই অনেক বড় হার জ্যোতিদের সেই লক্ষ্যে একটু হলেও দুশ্চিন্তা নিয়ে এসেছে। তাই তো সিরিজে ফেরার মিশনে বাড়তি সিরিয়াস বাংলাদেশের মেয়েরা। এই যেমন গত ম্যাচের ভুল শুধরাতে মূল মাঠে জায়গা তৈরি করে মেয়েদের দিয়ে টানা বোলিং করিয়েছেন কোচ।

এই প্রসঙ্গে ফাহিমা সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি আমাদের বোলাররা অনেক ভালো বোলিং করেছে। অন্যান্য দলের বিপক্ষে তারা তিনশর বেশি রান করেছে। আমি মনে করি আমাদের বোলারের বিপক্ষে তারা ভুগেছে। আমাদের ভুলের কারণে তারা দুইশ পার করতে পেরেছে। আমি মনে করি একই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবো। আমার কথা যদি বলি, টিম ম্যানেজমেন্ট আমার উপর আস্থা রেখেছিল, শেষ ওভার আমাকে দেওয়া হয়েছিল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, হয়তোবা সে (কিং) ভালো খেলে ফেলেছে।’

ফাহিমা যোগ করেন, ‘এটা ক্রিকেটের একটা অংশ। কাল আমরা ভালো খেলার চেষ্টা করবো। কে বলতে পারে এই সিরিজটাতে আমরা আমাদের ইনিংস লম্বা করতে পারি। আসলে ক্রিকেট খেলাটাই এমন। একটা চাপ থেকে যায়, প্রশ্ন থেকে যায়, আমরা ক্যারিয়ার কতটা বিল্ড করতে পেরেছি। এখানে সবারই সুযোগ আছে। ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন। ব্যাটাররা সর্বোচ্চ চেষ্টা করছে, যারা টপ অর্ডার ব্যাটিং করছে তাদেরও রানের অনেক ক্ষুধা। আর বড় দলের বিপক্ষে চাইবো আমাদের সেরাটা খেলার।’

ফাহিমা আরও বলেন, ‘আমাদের কন্ডিশনে আমরা নিজেরা অভ্যস্ত। ওদের একটাই বিষয় ছিল ওরা আমাদেরকে অ্যাটাক করেছে। আমাদের একটা জুটি গড়ার পর আমাদের পজিশন অনেক ভালো ছিল। ২ উইকেট যাওয়ার পর আমাদের রানরেট ভালো ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত