প্রত্যাবর্তন সুখের হলো না পান্তের

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৮:০১ পিএম

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার প্রায় ১৫ মাস পর ক্রিকেটে প্রত্যাবর্তন করলেন রিশাব পান্ত। তবে দিল্লি ক্যাপিটালস অধিনায়কের ফেরাটা সুখের হলো না। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে তারা হেরে গিয়েছে ৪ উইকেটে।

এ ম্যাচে নামার আগে পান্ত বলেছিলেন, ‘মনে হচ্ছে দ্বিতীয় অভিষেক হচ্ছে আমার।’ পান্তসহ ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছেও এমন মনে হওয়াটা স্বাভাবিক। দেশটির নিয়মিত ক্রিকেটারের ফেরার পথ চেয়ে করতে থাকা তাদের অপেক্ষা দীর্ঘ হয়েছে বেশ।

পাঞ্জাবের নতুন ঘর, মুল্লানপুরের মহারাজা যদবিন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৭৪ রান তোলে দিল্লি। পান্ত করেন ১৩ বলে ১৮ রান। সর্বোচ্চ ৩৩ রান করেন শেই হোপ।

জবাবে স্যাম কারেনের ৬৩ রানের ইনিংসে ৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে পাঞ্জাব। লিয়াম লিভিংস্টোন অপরাজিত থাকেন ২১ বলে ৩৮ রান করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত