‘আসল গোমড় ফাঁস করে দিয়েছেন ওবায়দুল কাদের’

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৮:২৯ পিএম

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রতিবেশী দেশের সহযোগিতায় ডামি নির্বাচনের স্বীকারোক্তি দিয়ে ওবায়দুল কাদের জনগণের কাছে বড় ইস্যু হাজির করেছেন। তার বক্তব্যে প্রমাণিত হয় জনগণ নয়, প্রতিবেশী রাষ্ট্রই তাদের ক্ষমতার উৎস। এসব কথা বলে তিনি আসল গোমড় ফাঁস করে দিয়েছেন। ডামি নির্বাচনে পাশে থাকার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারতকেই বিতর্কিত করেছেন।

আজ শনিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বতিহালা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মীসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, প্রতিবেশী রাষ্ট্রকে ব্যাবহার করে একতরফা নির্বাচনের নামে প্রহসন করে অনৈতিক ভাবে ক্ষমতা জবর দখল করা আওয়ামী লীগের তাঁবেদারি নীতির বহিঃপ্রকাশ। আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট ও গণতন্ত্র বিরোধী কার্যকলাপের জন্য জনগণ তাদের সাথে নেই।

তিনি বলেন, সরকারের দুর্নীতি, লুটপাট, অপরিণামদর্শী সিদ্ধান্তে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়ে মিথ্যাচার করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপ লিপ সার্ভিসেই সীমাবদ্ধ। আওয়ামী লীগের কারণেই বাজারে আগুন। এই আগুনের তাপ ক্ষমতাসীনদের গায়ে লাগছে না কিন্তু জনগণ পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, তার বক্তবেই প্রমাণ হয়, বাংলাদেশের বাজারব্যাবস্থা ভারতের পণ্যের ওপর র্নির্ভরশীল। তারা এতদিন উৎপাদন-উন্নয়ন বৃদ্ধি ও স্বয়ংসম্পূর্ণতা নিয়ে নিজেদের সক্ষমতার যে বয়ান দিয়েছেন তা ছিল চরম মিথ্যাচার।

সোলায়মান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, উপজেলা বিএনপি নেতা সিদ্দিক হোসেন,জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হযরত আহমেদ সাকিব, জেলা যুবদল সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, মাসুদ চৌধুরী, নয়ন মিয়া, জেলা ছাত্র দলের সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জালাল উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মানিক, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব হাসান শাহ, ইউনিয়ন যুবদলের ওবায়দুল হক মোশাররফ, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রিপন সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম নয়ন, ইউনিয়ন তাঁতী দলের  সাধারণ সম্পাদক শাহীন আলম বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত