রাজের কাছ থেকে অনেক কিছু শেখার আছে

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১২:৩৫ এএম

আগামী পবিত্র ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা ‘ওমর’। এতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। শুটিং শেষ করে বেশ আগেই কলকাতা ফিরে গেছেন তিনি।

গত বৃহস্পতিবার দুপুরে কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘ওমর’-এ অভিনয় করেছি। কিন্তু কী চরিত্রে সেটা নিয়ে এখনই কিছু বলব না। জানতে হলে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে হবে।’

সিনেমাটিতে শরীফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন জানিয়ে দর্শনা বলেন, ‘এখানে কাজ করেছি রাজের (শরীফুল রাজ) সঙ্গে। ভীষণ ভালো অভিনেতা এবং ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কাজের প্রতি তার খুব ডেডিকেশন রয়েছে। তাছাড়া খুব ছোট ছোট ডিটেইলস ওর খুব মনে থাকে, আমি খেয়াল করেছি। আগের শটে কী হয়েছে পরের শটে সে একদম ডিটেইলে সেগুলো বলে দিতে পারে। ওর সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে। মনে হয়েছে, ইজি টু ওয়ার্ক উইথ হিম।’

এর আগে ‘কলকাতার ডায়েরিজ’ নামে বাংলাদেশের একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন দর্শনা। এটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। ঈদুল ফিতরে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি। এ প্রসঙ্গে দর্শনা বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম শ্রেয়া, যে কি না একটা অফিসে চাকরি করে। চরিত্রটির সঙ্গে আমার একদম মিল পেয়েছি। কাজটি করে আমার খুব ভালো লেগেছে। এখানে আমি ছাড়াও আমার বোনের চরিত্রে রয়েছেন শ্রীলেখা মিত্র।’

এর আগে বাংলাদেশের দুটি ছবিতে অভিনয় করেছেন দর্শনা বণিক। দীপংকর দীপনের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’ এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’। তবে সিনেমাটি এখনো মুক্তি পায়নি। এখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত