‘ড্যাপে সমস্যা থাকলে সমাধান হবে’

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৮:৫৪ এএম

রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেছেন, ঢাকার ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রণয়ন করা হয়েছে। ড্যাপ নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে। গতকাল শনিবার রাজধানী আগারগাঁওয়ে রিহ্যাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাজউক চেয়ারম্যান বলেন, আবাসনশিল্প নিয়ে দীর্ঘদিন ধরে নানা সমস্যা চলছে। এসব বিষয় রিহ্যাব (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নেতাদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘গত এক দশকে আবাসনশিল্পে নানা সমস্যা তৈরি হয়েছে। কিছুটা সমস্যা তৈরি হয়েছে বৈশ্বিকভাবে। বিশেষ করে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি। আবার কিছু সমস্যা তৈরি হয়েছে আমাদের নীতি সহায়তার অভাবে। নতুন

ড্যাপে ফার (ফ্লোর এরিয়া ডিটেইলস) হ্রাস, নিবন্ধন ব্যয় বৃদ্ধি ও গৃহঋণের সুদের হার বৃদ্ধিসহ নানা কারণে আবাসনশিল্প চাপে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘নানা সমস্যা কাটিয়ে আমরা সবাই আবার একত্র হতে পেরেছি এটা আমার এবং আপনাদের কাছে খুবই আনন্দের। আমাদের আবাসন খাত দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছে নীরবভাবে। প্রায় ৫০ লাখ নাগরিকের কর্মসংস্থান রয়েছে এই শিল্পে। দিন শেষে সবাই চায় একটা শান্তির আবাস। সেই শান্তির আবাসন তৈরির কাজটাই করছি আমরা।’

সংগঠনের সাধারণ সদস্যদের সঙ্গে নিয়ে আবাসনশিল্পের সংকটগুলো দূর করতে চান উল্লেখ করে এজন্য নিয়ন্ত্রণকারী কর্র্তৃপক্ষ এবং সরকারের সহযোগিতা কামনা করেন রিহ্যাব প্রেসিডেন্ট।

অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘একরাশ আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে ইবাদত ও পুণ্যের ভরা মৌসুম মাহে রমজান। রমজানের আগমন-আনন্দে আমরা সবাই উদ্বেলিত ও উৎফুল্ল। এই মাসে সত্যনিষ্ঠ আবেগ ও মানবতাবোধ জেগে ওঠে মনের গভীরে। আত্মত্যাগ, সংযম সাধনা ও ধৈর্য ধারণের মাস এই পবিত্র রমজান। ক্ষমা ও সহিষ্ণুতার আলোয় উদ্ভাসিত হওয়ার সময়কাল। এ রমজানকে কেন্দ্র করে আমাদের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হোক সেই প্রত্যাশা করছি।’

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুলসহ রিহ্যাবের অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতা, রিহ্যাবের বর্তমান এবং সাবেক নেতারা, রিহ্যাব পরিচালনা পর্ষদের পরিচালকরা এবং রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত